টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএমপির ৬০ থানানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নয় নগরবাসী। অবশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাষ্য হচ্ছে, পর্যাপ্ত জনবল ও উপকরণের অভাবে তারা নগরবাসীকে যথাযথ সেবা দিতে পারছে না। সেবার মান উন্নয়নে তাই ক্রমেই ছোট হয়ে আসছে নগরের থানাগুলোর আয়তন। নগরের পুরোনো থানাগুলো ভেঙে একাধিক নতুন থানা গঠন করা হচ্ছে। এ ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ৪ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া গেন্ডারিয়া থানা। সব মিলিয়ে নগরে এখন থানার সংখ্যা ৪১। আরও নয়টি থানা করার জন্য ডিএমপি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা যায়। এগুলো হচ্ছে: শাহজাহানপুর, দক্ষিণগাঁও, ওয়ারী, মুগদা, রূপনগর, রায়েরবাজার, ভাসানটেক, ভাটারা ও বনানী। এগুলো হলে ঢাকায় থানা হবে অর্ধশত। প্রস্তাবিত নয়টির বাইরেও ডিএমপি এলাকার মধ্যেই আরও ১০টি থানা করার চিন্তাভাবনা চলছে। এ প্রসঙ্গে ডিএমপির সহকারী কমিশনার (অপারেশন) নজরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ডিএমপিতে থানার সংখ্যা হবে ৬০টি।ঢাকা ছাড় অভিযান...নগরের পথঘাট থেকে ভিক্ষুক, মাদকসেবী ও ভবঘুরেদের ঢাকার বাইরে রেখে আসা হচ্ছে। গত সপ্তাহে ডিএমপি শুরু করেছে এই কার্যক্রম। নগরবাসীর পথচলা নির্বিঘ্ন করতেই ছিন্নমূল মানুষগুলোকে ঢাকার বাইরে মাওয়া ফেরিঘাটের দিকে রেখে আসা হচ্ছে। পথঘাটে থাকা ভিক্ষুক, মাদকসেবী ও ভবঘুরেরা নগরবাসীর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সুশীল নাগরিকেরা ডিএমপির বর্তমান কার্যক্রমকে ঠিক সমর্থন করতে পারছে না। কারণ, এর ফলে সত্যিকারের অভাবী মানুষগুলোর আয়ের পথ বন্ধ হয়ে যাবে। আবার ঢাকার বাইরে রেখে এলেই যে ভিক্ষুক, মাদকসেবী ও ভবঘুরেরা আর ঢাকায় আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই সচেতন নাগরিকদের দাবি, ভিক্ষুক, মাদকসেবী ও ভবঘুরেদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।গত অক্টোবরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে বলা হয়েছিল, নগরের ভিক্ষুকদের ভিক্ষার কিছু স্থান নির্ধারণ করে দেওয়া হবে। এ ছাড়া কর্মক্ষম ভিক্ষুকদের পুুনর্বাসন ও কর্মসংস্থানের পরিকল্পনার কথাও বলা হয়েছিল তখন। তার বদলে ডিএমপি ঢাকা থেকে তাড়াচ্ছে তাদের। এ প্রসঙ্গে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর জানান, পুলিশ অনেক সময় নিজস্ব নিয়মের ভিত্তিতে কার্যক্রম চালিয়ে থাকে। সেভাবে তারা হয়তো কাজটি করছে। ভিক্ষুকদের নিয়ে ফাউন্ডেশনের প্রস্তাবিত প্রকল্প এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে তখন ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থান কার্যক্রম শুরু হবে। তখন এ কাজের সঙ্গে ডিএমপিকেও যুক্ত করা হবে।দোকান বন্ধে অঞ্চল ভাগ যানের জটলা আর লোডশেডিংয়ের মাত্রা কমাতে সরকারের নানা উদ্যোগ দেখা গেছে বিভিন্ন সময়ে। সেসব উদ্যোগ নগরবাসীকে খুব একটা স্বস্তি দিতে পারেনি। যানবাহনের জটলা দিন দিন বাড়ছেই। আর শীত যাই যাই সময়ে বিদ্যুত্ সরবরাহে যুক্ত হচ্ছে লোডশেডিং। যানজট কমানো ও বিদ্যুতের সাশ্রয়ে এবার আরেক পরীক্ষায় নামছে সরকার। যার মাধ্যমে সপ্তাহে এক দিন পূর্ণদিবস ও আরেক দিন অর্ধদিবস (বেলা দুইটা পর্যন্ত) নগরের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে। এ জন্য নগরকে সাতটি অঞ্চলে ভাগ করা হয়েছে। একেক অঞ্চলে সপ্তাহের একেক দিন খুলবে না দোকানের ঝাঁপি। অঞ্চলভেদে এরই মধ্যে দিনও নির্ধারণ করে দিয়েছে সরকার। দোকানিরা এ নিয়ম মানবেন কি না, সে প্রশ্ন সংশয়বাদীদের। তাদের মতে, যেদিন অর্ধদিবস বন্ধ থাকার কথা, সেদিন দেখা যাবে আগেভাগেই দোকান খোলা হবে। এ জন্য সরকার থেকে তদারকির ব্যবস্থা রাখতে হবে।নলের কবলে প্রাণী-উদ্ভিদ?গত বছর ডিসিসির পানিনিষ্কাশন নালার আশ্রয়স্থল করা হয়েছে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের কৃত্রিম হ্রদকে। সেই হ্রদের সৌন্দর্য তাই হুমকির মুখে। এবার সেই উদ্ভিদ উদ্যান ও ঢাকা চিড়িয়াখানার ওপর দিয়ে ড্রেজিংয়ের নল নেওয়ার তোড়জোড় চলছে। তাতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা সায়ও দিয়েছে। তবে পরিবেশবাদীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যান ও ঢাকা চিড়িয়াখানায় ড্রেজিংয়ের নল বসানো বন্ধ করতে একটি রিট মামলা করেছে তারা। এর পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি চার সপ্তাহের জন্য নল বসাতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক জাতীয় উদ্ভিদ উদ্যান ও ঢাকা চিড়িয়াখানার একাধিক কর্মী জানান, উদ্যান ও চিড়িয়াখানার ভেতর দিয়ে নল নেওয়া হলে উদ্ভিদ ও প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়বে। নল বসানোর সময় অনেক গাছ কাটা পড়বে। ভাঙা পড়বে দেয়াল। আর নলের ফাঁকফোকর দিয়ে বালু বের হয়ে দুটি বিনোদনস্থলেরই পরিবেশ বিনষ্ট হবে। তাঁরা তাই ড্রেজারের নল বসতে দিতে রাজি নন। কিন্তু মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ড্রেজারের নল বসানোর চেষ্টা করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা জানতে পেরে দুটি বিনোদনস্থলের কর্মকর্তা-কর্মচারীরা তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে।