টুকরো খবর
‘বিশেষ ছাড়’টা কোথায়?পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে রাস্তায় চালভর্তি ট্রাক নিয়ে বসে থাকেন একজন বিক্রেতা। খোলাবাজারে বিক্রির (ওএমএস) এই চাল ধনী-গরিব নির্বিশেষে সবাই ২২ টাকা কেজি দরে কিনতে পারে। একজন ক্রেতা সেখান থেকে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারে। তবে ক্রেতার ভিড় সেখানে খুব একটা দেখা যায় না। ভিড় দেখা গেল না হাতিরপুলের ভূতের গলিতে কলাবাগান থানার সামনে রাখা চালের ট্রাকের কাছেও। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় এভাবে খোলাবাজারের চাল বিক্রি হচ্ছে।এ মন্ত্রণালয়ের উদ্যোগেই আরেকটি প্রকল্পের মাধ্যমে নগরের তিন লাখ ৬০ হাজার অতি দরিদ্র পরিবারকে বিশেষ ছাড়কৃত মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সে ক্ষেত্রে প্রতি কেজি চাল বিক্রি হবে ২২ টাকা কেজি দরে। এ নিয়ে সচেতন নাগরিকদের প্রশ্ন, খোলাবাজারের চাল যেখানে ২২ টাকা কেজি দরে ধনী-দরিদ্র সবাই কেনার সুযোগ পাচ্ছে, সেখানে একই দরে চাল বিক্রির আরেক কার্যক্রমে অতি দরিদ্র পরিবারকে বিশেষ ছাড় দেওয়া হলো কোথায়? এ বিষয়ে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা বলেন, ‘আমার কোনো মন্তব্য নেই।’তিনি আরও জানান, ডিলারদের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম চলতে থাকবে। আর অতি দরিদ্র পরিবারের কাছে ছাড়কৃত মূল্যে চাল বিক্রির কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন। প্রথমে একটি নীতিমালা করা হচ্ছে। এরপর ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৯০টি ওয়ার্ড থেকেই চার হাজার করে পরিবার বাছাই করা হবে। তাদের জন্য কার্ড তৈরি করে এগুলো বিতরণ করা হবে। এরপর চাল বিক্রির কাজ শুরু হবে। তবে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রমটি শুরু করার চেষ্টা করছেন।বিনা মূল্যে ইন্টারনেটঢাকার জেলা প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় বিনা মূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে। ঢাকা জেলা ইন্টারনেট সেবা কক্ষে পাঁচটি কম্পিউটারের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। এ জন্য একটি রেজিস্টার বইতে নাম, ঠিকানা, মুঠোফোন নম্বর লিপিবদ্ধ করতে হবে। একজন প্রতিবারে আধঘণ্টা করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট সেবাকক্ষে টাঙানো নিয়মাবলিতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। ইন্টারনেট সেবাসংক্রান্ত যেকোনো সমস্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) ০১৮১৯৪৩১৬১৯ ও অফিস সহকারী (শিক্ষা শাখা) ০১৭১৮৩৬০২০৭ নম্বরে যোগাযোগ করতে প্রশাসন অনুরোধ করেছে।৯০+২ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) আরও দুটি ওয়ার্ড সংযোজনের প্রস্তাব জমা পড়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। প্রস্তাবনায় এগুলোকে ৯১ ও ৯২ নম্বর ওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক (ঢাকা অঞ্চল) আবু তালেব। তিনি জানান, সুলতানগঞ্জ ইউনিয়নের চর কামরাঙ্গী মৌজার কিছু দাগ ঢাকা সিটি করপোরেশনের আওতায় এসেছে। ওই এলাকার সীমানা নির্ধারণ করেছে ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত একটি কমিটি। এ কমিটি মাপজোখ করেছে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে। যাচাইয়ের মাধ্যম ডিসিসির আগের কোনো ওয়ার্ডে চর কামরাঙ্গী মৌজার সংশ্লিষ্ট এলাকাগুলোকে যুক্ত না করে নতুন দুটি ওয়ার্ড করার জন্য প্রস্তাবনা তৈরি করেছে কমিটি। এটি এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। নতুন দুই ওয়ার্ড করার চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে বলে জানান সীমানা নির্ধারণ কমিটির কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার খন্দকার শওকত হোসেন। এ বিষয়ে ১০ ফেব্রুয়ারি মুঠোফোনে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন শাখা) জ্যেষ্ঠ সহকারী সচিব মহসীন চৌধুরী জানান, ঢাকার বাইরে থাকায় তিনি নতুন ওয়ার্ড করার বিষয়ে কিছু বলতে পারছেন না। ঢাকায় এসে কাগজপত্র দেখে বিস্তারিত জানাতে পারবেন।