টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বাসা বদলবাসা বদল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমনা এলাকার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে তিনি উঠেছেন গণভবনে। প্রধানমন্ত্রীর নতুন এই বাসস্থান থেকে সংসদ ভবন ঢিল ছোড়া দূরত্বে। আর কার্যালয়ে যেতেও আগের চেয়ে অনেক কম পথ পাড়ি দিতে হবে প্রধানমন্ত্রীর।আগে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সময় স্থবির থাকত শাহবাগ থেকে পুরাতন বিমানবন্দর পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউ। এবার যানজটের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে সড়কটি ব্যবহারকারীরা। এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এখন প্রধানমন্ত্রী সংসদে যাওয়ার সময় নগরবাসীর কেউ টেরই পাবে না। অল্প সময়ের মধ্যে তিনি তাঁর কার্যালয়েও আসা-যাওয়া করতে পারবেন।শুরু হচ্ছে কুড়িল উড়ালসেতুর কাজনগরের উপকণ্ঠ কিংবা আশপাশও নগরায়ণের ছোঁয়া পাচ্ছে। কোথাও আবাসিক এলাকা গড়ে তুলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), কোথাও তা গড়ছে বেসরকারি প্রতিষ্ঠান। রাজউকের উদ্যোগেই তৈরি হচ্ছে পূর্বাচল নতুন শহর। কিন্তু এর সঙ্গে মহানগরের পর্যাপ্ত সড়ক যোগাযোগ অবকাঠামো গড়ে ওঠেনি। এ জন্য কুড়িল উড়ালসেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ মাসেই শুরু হচ্ছে এর কাজ। ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ উড়ালসেতুটি মহানগরের মূল ভূখণ্ড ও পূর্বাচল নতুন শহরের মধ্যে সড়ক যোগাযোগ তৈরি করবে। উড়ালসেতুটির নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৩ কোটি টাকা। প্রকল্পটি শেষ হবে ২০১২ সালে। এই উড়ালসেতুর জন্য এরই মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। ওয়ানওয়ে উড়ালসেতুতে চারটি লুপ থাকবে। এর মধ্যে দুটি লুপ ‘ওয়াই’ আকৃতির ও দুটি ‘ইউ’ আকৃতির। এর প্রস্থ ৮ দশমিক ৯ মিটার ও উচ্চতা ৪৮ ফুট। উড়ালসেতুটির প্রান্ত থাকবে বনানী, বিমানবন্দর সড়ক, প্রগতি সরণি ও পূর্বাচল সড়কে। উড়ালসেতুটি হলে কুড়িল মোড়, বিমানবন্দর সড়কে যানবাহনের চাপ কমবে। এর ফলে যানজট কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।অনলাইন জিডির আনুষ্ঠানিক যাত্রাপরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম। এখন ঘরে বসেই জিডি করা যাচ্ছে। অনলাইনে জিডি করতে হলে প্রথমে ঢুকতে হবে ডিএমপির ওয়েবসাইটে (www.dmp.gov.bd)। এরপর কমপ্লেইন বিভাগে (complain) গিয়ে সহায়তা চাওয়ার অনুরোধ লিংকে (citizens help request) ক্লিক করতে হবে। অনলাইনে জিডি করার পর একটি পাসওয়ার্ড পাওয়া যাবে। সেই পাসওয়ার্ডের মাধ্যমে জিডির অগ্রগতি জানা যাবে। পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উত্তরা থানার বাসিন্দারা মাস দুয়েক ধরেই অনলাইনে জিডি করার সুযোগ পাচ্ছেন। এখন ঢাকা মহানগরের সব থানায় এই সেবা চালু করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) মো. ওয়ালিদ হোসেন।