টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ বিলবোর্ড থাকছেই...১৫ মার্চ কালবৈশাখীতে গুলশান শপিং সেন্টারের ছাদ থেকে বিলবোর্ড উপড়ে সড়কে পড়ায় মারা যান দুজন। এই প্রাণহানির ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। মহানগর থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করে তারা। ১৮ মার্চ অভিযানের প্রথম দিনেই তা আবার ধাক্কা খায়। কারণ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অসহযোগিতার কারণে বন্ধ হয়ে যায় শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে পরিচালিত অভিযান। এ অবস্থায় জনমনে প্রশ্ন ওঠে, মহানগরে কি তবে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড থেকেই যাবে? তবে তাদের প্রশ্নের ইতিবাচক উত্তর মিলেছে ২২ মার্চ হাইকোর্টের দেওয়া একটি নির্দেশনায়। ওই দিন হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, ডিসিসিকে শিগগিরই নগর থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে হবে, আর ডিএমপিকে সে কাজে সহায়তা করতে হবে। আবার নগরে বসানো বৈধ বিলবোর্ডগুলো সঠিকভাবে বসানো হয়েছে কি না, তা বিশেষজ্ঞ কমিটি দিয়ে পরীক্ষা করে তার প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।নগরের অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশনা চেয়ে ২১ মার্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে ২২ মার্চ হাইকোর্ট কারণ দর্শানোর রুলও জারি করেছেন। এতে জনগণের নিরাপত্তার খাতিরে সব অবৈধ বিলবোর্ড কেন অপসারণের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। আদালত আরও জানতে চান, ১৫ মার্চ গুলশানে নিহত ব্যক্তিদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না—তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিসিসির মেয়র, ডিএমপি কমিশনার ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে হবে।আইনবিদ মনজিল মোরশেদ জানান, রিটের পরও মহানগরের যেসব বিলবোর্ড উচ্ছেদ বিষয়ে আদালতের আগের কোনো স্থগিতাদেশ আছে, সেগুলো উচ্ছেদ করার কোনো সুযোগ থাকছে না। এ বিষয়ে ডিসিসির বিজ্ঞাপন শাখার একাধিক কর্মী জানান, ভবনের ছাদে থাকা অনেক বিলবোর্ডই আদালতের স্থগিতাদেশ থাকায় উচ্ছেদ করা যাচ্ছে না। কবে নাগাদ সে লড়াই নিষ্পত্তি হবে তা তাঁদের জানা নেই। তার মানে, কালবৈশাখীর ভরা মৌসুমে মহানগরে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড থাকছেই!যমুনার জল বুড়িগঙ্গায়!শুকনো মৌসুমে ধীরে বহে বুড়িগঙ্গা। দূষণে দূষণে ভারী এই নদীর পানিতে তাই এখন দুর্গন্ধের মাত্রাও বেশি। জলে, মলে ও শিল্পবর্জ্যে একাকার বুড়িগঙ্গায় গোসল করাও দায়! ভরা বর্ষায় বুড়িগঙ্গার গতি কিছুটা বাড়লেও এর দূষণ আর কমে না। মৃতবত্ বুড়িগঙ্গা থেকে পানি সংগ্রহ করে তা আর সুপেয় করার সুযোগ পাচ্ছে না ঢাকা ওয়াসা। সেই সুযোগ তৈরিতে এবার যমুনা নদী থেকে পানি এনে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য ১৬৩ কিলোমিটার নদীপথ খনন করা হবে। যমুনা থেকে ধলেশ্বরী-পুংলি-বংশী-তুরাগ হয়ে বুড়িগঙ্গায় আসবে পানি। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৯৮ কোটি টাকা।প্রকল্পটি বাস্তবায়িত হলে পানি দূষণমুক্ত হওয়ার পাশাপাশি ঢাকার নৌপথ সচল হবে। তবে খরস্রোতা ও টলটলে পানির বুড়িগঙ্গা দেখতে আরও বছর তিনেক অপেক্ষা করতে হবে নগরবাসীকে। কারণ, যমুনা থেকে বুড়িগঙ্গায় পানি আনার প্রকল্প বাস্তবায়িত হবে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে। প্রকল্প বাস্তবায়নের সময় আরও বেড়ে যেতে পারে বলে জানান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনাবিদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া। তাঁর মতে, প্রস্তাবিত সময়ে কাজ শুরু করতে পারলেই কেবল ২০১৩ সালের মধ্যে প্রকল্প শেষ করা যাবে।ষাটোর্ধ্বরা কি হজে যাবেন না?ভদ্রলোক সরকারি চাকরি করতেন। বছর পাঁচেক আগে অবসরে গেছেন। এ বছর হজে যাওয়ার নিয়ত করেছেন। কিন্তু পাসপোর্ট করতে গিয়েই পড়েছেন বিপাকে। অভিবাসন ও বহির্গমন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় (ঢাকা) থেকে তাঁকে বলা হয়েছে, বয়স ৬০ বছরের বেশি হলে হজে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই হজে যেতে হলে তাঁকে বয়স ৬০ বছরের নিচে দেখাতে হবে। এখন বয়স ৬০ বছরের কম দেখিয়ে জন্মনিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করবেন কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তিনি। কারণ, এতে পাসপোর্টে মিথ্যা একটি তথ্য যুক্ত হয়ে যাবে।এবার বাংলাদেশ থেকে ৭৫ হাজার লোক হজ পালন করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ১৫ হাজার যাবেন সরকারি সংস্থার মাধ্যমে, আর ৬০ হাজার বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে। সচেতন নাগরিকেরা মনে করেন, এ দেশের মানুষ সাধারণত কর্মজীবন শেষে হজ করতে যান। হজে যেতে ইচ্ছুক অনেকের বয়স ৬০ পার হয়ে যায়। তাই ষাটোর্ধ্বরা যদি হজে যেতে না পারেন, তবে অনেকে হজ পালন থেকে বঞ্চিত হবেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, হজে প্রতিবছরই মৃত্যুর ঘটনা ঘটে। হজে মৃত্যুর হার কমাতে সৌদি আরব সরকার ৬৫ বছরের বেশি বয়সী লোকজনকে হজে যেতে নিরুৎসাহিত করছে। এ জন্যই বাংলাদেশে ষাটোর্ধ্ব ব্যক্তিদের হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।বাংলাদেশের বাস্তবতায় বয়সের চেয়ে শারীরিক সামর্থ্যই কি বিবেচনার বিষয় হওয়া উচিত নয়? এমন প্রশ্নে আনোয়ার হোসেন বলেন, ‘আমরা চাইছি বয়সের বদলে শারীরিক সামর্থ্য পরীক্ষার মাধ্যমে হজে লোক পাঠাতে। এর ফলে পাসপোর্টে বয়সের ভুল তথ্য যোগ করার প্রবণতা কমে আসবে। এসব বিষয়ে চিন্তাভাবনা করেই হজনীতি তৈরি হচ্ছে।’