টুকরো খবর
উদ্বোধন হলো কুড়িল উড়ালসেতুর নির্মাণকাজপূর্বাচল উপশহর প্রকল্পের ৩০০ ফুট প্রশস্ত প্রধান সড়কের সঙ্গে কুড়িল-বিশ্বরোডকে যুক্ত করতে নির্মিত হচ্ছে কুড়িল উড়ালসেতু। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্পের নাম ‘কুড়িল-বিশ্বরোড আন্তসংযোগ ফ্লাইওভার’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ মে এই প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন। ওই দিন তিনি জানান, পুরান ঢাকার বাবুবাজার থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত একটি উড়ালসেতু নির্মাণ করা হবে।কুড়িল উড়ালসেতুতে থাকছে দুই কিলোমিটার সংযোগ সড়ক। এতে পাঁচটি লুপ থাকবে। এগুলো হবে বনানী, কুড়িল, খিলক্ষেত, নিকুঞ্জ ও পূর্বাচল প্রান্তে। কুড়িল উড়ালসেতুর জন্য জমি অধিগ্রহণ ও এর নির্মাণ খরচ মিলিয়ে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা। ২০১২ সালের মাঝামাঝি সময়ে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছে রাজউক।হেলমেট ও সিটবেল্টের ব্যবহার বাড়াতে সতর্কীকরণনগরের সড়ক কিংবা ফুটপাত ধরে দ্রুত বেগে ছুটতে থাকে মোটরসাইকেল। অনেক মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট দেখা যায় না। আর চালকের পেছনে বসে থাকা আরোহীর মাথায় হেলমেট দেখা যায় কালে-ভদ্রে। অথচ মোটরসাইকেলচালক ও আরোহীর জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। অপরদিকে গাড়িচালক ও যাত্রীদের জন্য সিলবেল্ট ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নগরের সড়কে চলাচলকারী গাড়িতেও সিটবেল্টের ব্যবহার দেখা যায় খুবই কম। হেলমেট ও সিটবেল্টের ব্যবহার বাড়াতে পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এগুলো ব্যবহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তারা। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে অনেকেই এরই মধ্যে আক্কেল সেলামি দিয়েছেন। ইমারতের নকশা অনুমোদনে সাবধান!ইমারত নির্মাণের আগে এর নকশা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হয়। এই অনুমোদন করাতে গিয়ে অনেকেই প্রতারকদের খপ্পরে পড়ছেন। রাজউকের একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি থেকেই জানা গেছে, ইমারতের নকশা অনুমোদন করাতে ইচ্ছুক লোকজনকে একটি অসাধু চক্র নিজেদের রাজউকের কর্মচারী পরিচয় দিয়ে কিংবা রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে নকশা অনুমোদন করিয়ে দেওয়ার কথা বলছে। নকশা অনুমোদন করিয়ে দেওয়ার কথা বলে প্রতারকেরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। এরপর রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া অনুমোদনপত্র হাতে ধরিয়ে দিচ্ছে। এ রকম জাল অনুমোদনপত্র শনাক্ত করে সংশ্লিষ্ট ভবনমালিক ও প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজউকের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এ অবস্থায় তারা প্রতারক, দালালসহ অসাধু চক্র সম্পর্কে নকশার অনুমোদন প্রত্যাশীদের সতর্ক থাকতে বলেছে। অসাধু চক্র সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে রাজউক ও আইন প্রয়োগকারী সংস্থাকে। সন্দেহভাজন কাউকে পেলে অফিস সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে রাজউক সদস্যের (পরিকল্পনা) মোবাইল ফোনে (০১৭৩০০১৩৯০৩) অথবা পরিচালকের (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোবাইল ফোনে (০১৭৩০০১৩৯১৩)।তিন মুক্তিযোদ্ধার নামে তিন সড়কমহান বাঙালিদের নামে নগরের সড়কগুলোর নামকরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকদের নাম। এরই ধারাবাহিকতায় নগরের আরও তিনটি সড়কের নতুন নাম রাখা হলো তিনজন মুক্তিযোদ্ধার নামে। এর মধ্যে ফকিরেরপুল বাজার রোডসহ টাঙ্কির গলির নাম রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সড়ক, ধানমন্ডি ৯-এ সড়কের (সাত মসজিদ রোডের পশ্চিম অংশ) নাম বীর উত্তম কমল সিদ্দিকী সড়ক আর উত্তরা মডেল টাউনের ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলী সড়ক। ১ মে সড়ক তিনটির নতুন নামফলক উন্মোচন করেন ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা।নদী রক্ষায় দুই রায়নগরের চারপাশে থাকা চার নদ-নদী বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালুর সীমানা নির্ধারণ করে এই নদ-নদীর ভেতরে থাকা সব স্থাপনা উচ্ছেদ করতে হবে—গত বছরের ২৫ জুন হাইকোর্ট এমনি একটি রায় দেন। এর আলোকে চার নদ-নদীতে থাকা অবৈধ স্থাপনার একটি তালিকা করা হয়েছে। সেই তালিকা ধরে স্থাপনা উচ্ছেদে অভিযানও চালানো হচ্ছে। এই উচ্ছেদের হাত থেকে রেহাই পেতে সাতটি প্রতিষ্ঠান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেছিল আপিল বিভাগে। গত ৩ মে আপিল বিভাগ এই আবেদন খারিজ করে দেন। এর ফলে ঢাকার চারপাশে থাকা চারটি নদ-নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোনো বাধা রইল না। তবে সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো উচ্ছেদকাজ ও উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গা সংরক্ষণের কাজটি ঠিকমতো করে কি না, সেটাই হচ্ছে দেখার বিষয়।এদিকে ৪ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে ডেমরা, লালবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালি ও হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুলিশ মোতায়েন করতে হবে। উল্লেখ্য, ঢাকার নদ-নদী রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।