টুকরো খবর
শুরু হচ্ছে অযান্ত্রিক যানের নিবন্ধন নবায়ন অযান্ত্রিক যানবাহন নিবন্ধন (লাইসেন্স) নবায়নের সময়সূচি তৈরি করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। এ বিষয়ে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এতে উল্লেখ করা হয়েছে, ১ জুন থেকে শুরু হবে নবায়নের কাজ। অযান্ত্রিক যানের মালিকদের ২০০৮-০৯, ২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরের নিবন্ধন নবায়ন করা হবে। অফিস সময়ে নগর ভবনের ১১ তলার পূর্ব দিকের বারান্দায় হবে এই কাজ।রিকশা ও ভ্যানগাড়ির ক্ষেত্রে মালিক বা তাঁর প্রতিনিধির ব্লু-বুক দেখিয়ে এবং প্রতিটি ব্লু-বুকের জন্য একটি করে আবেদন ফরম সংশ্লিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। অন্যান্য অযান্ত্রিক যানের ক্ষেত্রে টোকেন দেখিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম পূরণ করে ব্লু-বুক ও টোকেন নির্ধারিত নবায়ন কাউন্টারে জমা দিয়ে বিল ফরম সংগ্রহ করতে হবে। বিলে উল্লিখিত টাকা সোনালী ব্যাংক, নগর ভবন শাখার নির্ধারিত কাউন্টারে জমা দিতে হবে। পরিশোধিত বিলের কপি নির্ধারিত ডেলিভারি কাউন্টারে দেখিয়ে ব্লু-বুক ও নম্বর প্লেট ওই দিনই সংগ্রহ করতে হবে।তিন বছরের নবায়ন ফি রিকশা ও প্রাইভেট রিকশার জন্য ৫৯০ টাকা, রিকশাভ্যান ও প্রাইভেট রিকশাভ্যানের জন্য ৫০০ টাকা এবং ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির জন্য ৩৬৫ টাকা। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নগরে ডিসিসি নিবন্ধিত রিকশার সংখ্যা ৭৯ হাজার ৬১৬টি, আর রিকশাভ্যানের সংখ্যা সাত হাজার ৯১৪টি। নিবন্ধনের ক্রম অনুযায়ী নির্ধারণ করা হয়েছে নবায়নের সময়। এ ক্ষেত্রে ১ জুন ১ থেকে ১০০০ নিবন্ধন নম্বরের রিকশার নিবন্ধন করতে হবে। এভাবে ক্রম অনুযায়ী প্রতিদিন এক হাজার করে রিকশার নিবন্ধন নবায়ন করা হবে। নিবন্ধন নবায়ন করার কাজ শেষ হবে ২৮ সেপ্টেম্বর। রিকশা ভ্যানের নিবন্ধন নবায়নের কাজ শুরু হবে ১৫ জুলাই। প্রাইভেট রিকশা, প্রাইভেট ভ্যানগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন নবায়ন করতে হবে ১৬ আগস্ট থেকে ১১ অক্টোবরের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা অযান্ত্রিক যানের নিবন্ধন নবায়নে ব্যর্থ হবেন তাঁদের নিবন্ধন বাতিল হবে। মূল টোকেন ও নম্বর প্লেট ছাড়াও এখন থেকে ব্লু-বুকের ফটোকপি নিজ খরচে লেমিনেশন করে রিকশার সঙ্গে রাখতে হবে বলে ডিসিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বাস রুট পুনঃপরিকল্পনায় ডিটিসিবির প্রকল্পনগরের বাস রুট পুনঃপরিকল্পনার একটি প্রকল্প হাতে নিয়েছে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি)। যেভাবে বাস রুট করা হলে নগরে যানজট ও বাসসংকট কমতে পারে, সেভাবে বাস রুট পুনর্নির্ধারণ করা হবে এ প্রকল্পের মাধ্যমে।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ডিটিসিবি প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনার (এসটিপি) প্রথম ধাপের প্রকল্পগুলোর মধ্যে দুটি প্রকল্পের মাধ্যমে নগরের বাস ব্যবস্থাপনা আধুনিকায়ন ও বাস রুট পুনর্বিবিন্যাস করার কথা। এসটিপির পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ প্রকল্প দুটি ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা। এরই মধ্যে প্রকল্প দুটিকে একটি প্রকল্পের আওতায় এনে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ব্যয় করা হচ্ছে সাড়ে পাঁচ কোটি টাকা। এই অর্থ দিয়েছে বিশ্বব্যাংক। প্রকল্প বাস্তবায়নের জন্য এরই মধ্যে পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের জন্য দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এখন দরপত্রের প্রাথমিক কাজ চলছে। এ ছাড়া প্রকল্পের সব কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাধিক শিক্ষককে যুক্ত করা হচ্ছে বলে ডিটিসিবির সূত্র জানায়। প্রকল্পের মাধ্যমে নগরের বাস ব্যবস্থাপনা আধুনিকায়ন ও বাস রুট পুনর্বিন্যাসের নির্দেশনা তৈরি করা হবে, যা অনুসরণ করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ নিয়ে আশঙ্কার কথা জানালেন নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডিটিসিবির একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘প্রকল্পটি বছর দেড়েকের মধ্যেই সম্পন্ন করা হবে। কিন্তু বিআরটিএ প্রকল্পটির নির্দেশনা অনুসরণ না করলে সাড়ে পাঁচ কোটি টাকাই জলে যাবে।’