টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকুর রহমানের গলফীয় উত্থানটাই বোধ হয় ২০১০ সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে রোমাঞ্চকর গল্প।গোল করার পরই জার্সি খুলে উন্মাতাল দৌড়। বিশ্বকাপ ফাইনালে ১১৭ মিনিটে গোল! দৌড়ানোরই কথা। কিন্তু গোলদাতার জার্সির নিচে হাতাকাটা সাদা গেঞ্জিটায় ও সব কী লেখা? তখন যে যার মতো ভেবে নিয়েছে। পরে পুরো বিশ্ব জেনেছে, আন্দ্রেস ইনিয়েস্তার বুকে লেখা অকালপ্রয়াত বন্ধুর জন্য শোকগাথা। ১১ জুলাই রাতে আন্দ্রেস ইনিয়েস্তার ওই দৌড়ের দৃশ্যটাই কি ২০১০ সালের ‘পিকচার অব দ্য ইয়ার’?বিশ্বকাপ ফুটবল এমনই এক দুকূলপ্লাবী আবেগের ঢেউ যে, বিশ্বকাপ-বছরে বাকি সব ভেসে যায় তাতে। বছরের শেষ সপ্তাহে এসে যখন পেছন ফিরে তাকাচ্ছি, টুকরো টুকরো অসংখ্য ছবির ভিড়ে সবচেয়ে জীবন্ত হয়ে উঠছে তাই ইনিয়েস্তার ওই ছবিটাই। এর আশপাশের ছবিগুলোও তো বিশ্বকাপেরই। নাটকীয়তাময় ম্যারাডোনা, বিষণ্ন মেসি-কাকার পাশেই কখনো উঁকি দিচ্ছে পল নামের একটি অক্টোপাসও। কানে বাজছে ঝিঁঝির আওয়াজ—ভুভুজেলার সঙ্গে বাকি বিশ্বের পরিচয়ও তো করিয়ে দিল এই বিশ্বকাপই।তবে বিশ্বকাপ ফুটবলেই তো সব শুরু বা শেষ নয়। সাফল্য-ব্যর্থতার, আনন্দ-বেদনার আরও কত গল্পই না লেখা হয়েছে বছরজুড়ে। সেসবের টুকরো টুকরো ছবিতেই সাজানো বছর শেষের এই স্টেডিয়াম। দুই পাতায় বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রতিচ্ছবি বলাটা হয়তো বাড়াবাড়ি হয়ে যায়। এখানে বেসবল নেই, বাস্কেটবল নেই, রাগবি নেই...‘নেই’-এর তালিকাটা অনেক দীর্ঘ। অনেক দেশে এসব এক নম্বর খেলা, সে দেশের কোনো পত্রিকার সালতামামিতে প্রাধান্য পাবে তা। যে দেশের যে রীতি—কথাটাকেই একটু ঘুরিয়ে বলা যায়, যে দেশের যে খেলা। স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর পাতায় যেমন ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাসটাও কাব্যে উপেক্ষিত থেকে যাবে, প্রথম আলোতেও তাই অদৃশ্য বেসবল-রাগবির ভুবন।গলফও কিছুদিন আগে এমনই ছিল। টাইগার উডস গলফের সীমানা ছাড়িয়ে অন্য এক উচ্চতায় নিজেকে তুলে নিয়েছিলেন বলেই কালেভদ্রে তাঁর নামটি আসত বাংলাদেশের পত্রিকার পাতায়। ২০১০ সালেও টাইগার উডস ছিলেন, তবে গলফ কোর্সের বাইরের ‘কীর্তি’র কারণে। উডসের হয়তো জানাও নেই, বাংলাদেশের এক তরুণ এ বছরই গলফকে একটা দেশের ক্রীড়ামানসে জায়গা করে দিয়েছেন। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ, ইংল্যান্ডে প্রথম ওয়ানডে জয়, তামিমের লর্ডস-ওল্ড ট্রাফোর্ড বীরত্ব—ক্রিকেট এ বছর অনেক দিয়েছে। তবে সিদ্দিকুর রহমানের গলফীয় উত্থানটাই বোধ হয় ২০১০ সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে রোমাঞ্চকর গল্প।