টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিষ্কার-পরিচ্ছন্নতা অসুস্থতার পূর্বশর্ত!এত দিন বলা হতো, পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থতার পূর্বশর্ত। তাই ঘরে ফিরেই চাই সাবান দিয়ে হাত-মুখ ধোয়া। খাওয়ার আগে, খাওয়ার পর; কোনো কাজ সেরে বা গোসলেও চাই সাবান। কেননা সাবানের কণা ব্যাকটেরিয়াকে বধ করে। কিন্তু কিছু বিজ্ঞানী এবার বলছেন ভিন্ন কথা। তাঁরা নন, তাঁদের গবেষণা বলছে সে কথা। আমেরিকার মিশিগানের স্কুল অব পাবলিক হেলথ ইউনিভার্সিটির গবেষণাগারে এক পরীক্ষার ফলস্বরূপ বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য: বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কেননা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে যে জীবাণুনাশক সাবান ব্যবহার করা হয়, তাতে এমন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যা ব্যবহারকারীর অ্যালার্জির সমস্যা তৈরি করে। শুধু তা-ই নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয়! ট্রিকলোশান—টুথপেস্ট, কলম বা মেডিকেল যন্ত্রপাতিতে ব্যবহূত হয় এ রাসায়নিক পদার্থ। আরেকটি রাসায়নিক পদার্থ বিসফেনল-এ। এটি ব্যবহূত হয় প্লাস্টিক বা পানীয় ক্যানের ভেতরের আবরণ তৈরিতে। বিসফেনল-এ ও ট্রিকলোশান—দুটো পদার্থই মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর জীবাণুনাশক সাবানে ব্যবহার করা হয় ক্ষতিকর এ দুটো রাসায়নিক পদার্থ। এ বিষয়ে বিজ্ঞানী এরিন রেস ক্লেটন বলছেন, ১৮ বছরের বেশি বয়সের যেসব মানুষ বেশি পরিমাণে বিসফেনল-এ ব্যবহার করেন, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তবে মজার বিষয় হচ্ছে, ১৮-এর নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে ফল ঠিক তার উল্টো। কিন্তু এ রকম বয়সের যারা ট্রিকলোশান ব্যবহার করে, তাদের অ্যালার্জি ও জ্বর হওয়ার আশঙ্কা বেশি। ইউনিভার্সিটি অব মিশিগান পাবলিক স্কুল অব হেলথের সহযোগী অধ্যাপক আলিসন এইলো বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য যুবকেরা বেশি ট্রিকলোশান ব্যবহার করে। কিন্তু এই পদার্থটি রোগ প্রতিরোধক্ষম ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে ফেলে। ফলে জীবাণুনাশক সাবান বেশি ব্যবহার করলে শরীর দুর্বল হয়ে পড়ার আশঙ্কা বাড়ে। তবে, এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন।তথ্যসূত্র: সায়েন্স ডেইলি শনির চাঁদে বায়ুমণ্ডল!শনির দ্বিতীয় বৃহত্তম চাঁদ রিয়া। সেখানে বায়ুমণ্ডল আছে—এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের সন্ধান পেয়েছেন তাঁরা। শনি—বলয়গ্রহ নামে পরিচিত। এই শনি ও তার চাঁদকে ঘিরে মহাকাশযান ক্যাসিনি এখন ঘুরছে। ক্যাসিনি মহাকাশযান নিয়ন্ত্রণ করে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও ইতালিয়ান স্পেস এজেন্সি। এই ক্যাসিনিই প্রথম ইঙ্গিত দিয়েছিল যে শনির চাঁদেও বায়ুমণ্ডল আছে। সত্যতা যাচাই করতে এর আগে টেলিস্কোপ দিয়ে পৃথিবী থেকে চেষ্টা চালানো হয়। কিন্তু অক্সিজেন বা কার্বন ডাই-অক্সাইডের সন্ধান তখন মেলেনি। তবে শনির কাছ দিয়ে ঘোরা ক্যাসিনিই রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের অস্তিত্ব ধরতে পেরেছে। কিন্তু পৃথিবীর তুলনায় এর পরিমাণ অনেক অনেক নগণ্য। পৃথিবীতে যে পরিমাণ অক্সিজেন আছে তার ৫০ হাজার কোটি ভাগের এক ভাগ মাত্র অক্সিজেন আছে রিয়ায়। গবেষণায় দেখা গেছে, রিয়ার এক ঘনমিটার বায়ুতে অক্সিজেনের পাঁচ হাজার কোটি কণা রয়েছে। এবং সমায়তনের বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের দুই হাজার কোটি কণা রয়েছে। তবে যতই নগণ্য হোক, শনির চাঁদে অক্সিজেনের অস্তিত্ব মহাকাশ গবেষণাকে এক ধাক্কায় কয়েক গুণ ত্বরান্বিত করবে। কারণ, এর আগে বৃহস্পতির চাঁদ ইউরোপা এবং গ্যানিমিডেও অক্সিজেনের খোঁজ মিলেছে। কিন্তু এই প্রথম শনি গ্রহে অক্সিজেনের অস্তিত্বের সন্ধান মিলেছে। ২০১৭ সাল পর্যন্ত ক্যাসিনি ঘুরবে শনির পরিবারকে ঘিরে। হয়তো তার আগে শনির চাঁদে বায়ুমণ্ডল থাকা নিয়ে জোরালো সাক্ষ্য-প্রমাণ দিতে পারবে ক্যাসিনি। তথ্যসূত্র: বিবিসি নিউজ জাহাঙ্গীর আলম