টুকিটাকি
নিউট্রিনোএটি একটি অতি ক্ষুদ্র কণা। কণাটি এতই ক্ষুদ্র যে আজ পর্যন্ত এর ভর নির্ণয় করা সম্ভব হয়নি। কণাটি নিরপেক্ষ, অর্থাৎ কাউকে আকর্ষণ করে না, বিকর্ষণও করে না। বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে থাকা কণাটি হলো নিউট্রিনো। কারণ প্রতি একটি প্রোটনের বিপরীতে প্রায় ৭০ কোটি টিউট্রিনো আছে। যখনই একাধিক নিউক্লিয়াস কাছাকাছি আসে (যেমন সূর্যে) বা নিউক্লিয়াস ভেঙে যায় (পারমাণবিক চুল্লিতে) তখন নিউট্রিনো উৎপন্ন হয়। এমনকি কলা থেকেও নিউট্রিনো উৎপন্ন হয়, কারণ কলার মধ্যে থাকা পটাশিয়াম তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে নিউট্রিনো তৈরি করে। নিউট্রিনো ছাড়া সূর্য কখনো আলো ছড়াত না এবং হাইড্রোজেনের চেয়ে ভারী কোনো পদার্থের উদ্ভব হতো না।সূর্য থেকে প্রতি সেকেন্ডে ১০ ট্রিলিয়ন পরিমাণ (১০ লাখ কোটি) নিউট্রিনো তৈরি হচ্ছে। তবে নিরপেক্ষ কণা হওয়ার কারণে এটি অন্য কোনো কণা বা পদার্থের সঙ্গে কোনো ঝামেলায় যায় না, তাই আমরা এর অস্তিত্ব বুঝতে পারি না। কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ করে না বলে অনেক বিজ্ঞানীরই ধারণা, নিউট্রিনোর প্রতি কণা নিউট্রিনো নিজেই!বিজ্ঞানীরা ১৯৩০ সালে প্রথম নিউট্রিনোর অস্তিত্বের কথা তাত্ত্বিকভাবে জানিয়েছিলেন। কিন্তু এই তত্ত্ব প্রমাণ করতে লেগেছিল ২৬ বছর। তবে এখনো বিজ্ঞানীরা এর ভর ও বৈশিষ্ট্য বের করতে পারেননি। এই ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাটি নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। কারণ কিছু বিজ্ঞানীর মতে, মহাবিস্ফোরণের সময়ে সব প্রতিকণা হারিয়ে গিয়েছিল এবং মহাবিশ্ব তৈরি হয়েছে শুধু কণা দিয়ে, তার একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে নিউট্রিনো! সুব্রত দেবনাথব্যাকটেরিয়ার নাকব্যাকটেরিয়া। জীবন বিনাশকারী এক অণুজীব মাত্র। এসবের আবার নাক আছে নাকি? আছে! সম্প্রতি সমুদ্রবিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার নাক আবিষ্কার করেছেন। বিজ্ঞানী বলে কথা। তাঁদের কাছে কোনো কিছুই তো আর পরম নয়। তাই কোনো একটি বিষয় নিয়ে একটানা যুগের পর যুগ গবেষণা করতে থাকেন। খুঁজতে থাকেন প্রকৃতিতে ঘটা প্রতিটি ঘটনার কার্যকারণ। ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপের কার্যকারণ অনুসন্ধান করতে গিয়ে এদের নাক খুঁজে পেয়েছেন নিউক্যাসল ইউনিভার্সিটির একদল সমুদ্রবিজ্ঞানী। ব্যাকটেরিয়া হচ্ছে পৃথিবীর আদিমতম কোষ। এগুলো এককোষী ও আণুবীক্ষণিক। কিন্তু এগুলোর ক্ষমতা অনেক। তীব্র ঠান্ডা, যেমন—মাইনাস ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এরা টিকে থাকতে পারে। আবার দম ফুরানো গরম, যেমন—৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ঠিক ঠিক টিকে থাকতে পারে। ব্যাকটেরিয়া কলোনি গঠন করে বাস করে। একতাই এদের বল। একটা কলোনির সম্মিলিত সব ব্যাকটেরিয়া সমুদ্রজাহাজের জৈবজ্বালানিও নষ্ট করে দিতে পারে। মন্থর করে দিতে পারে সেই জাহাজের গতিও! নিউক্যাসল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা খোঁজ করছিলেন, কীভাবে এত ‘তুচ্ছ’ কোষে গড়া ‘নগণ্য’ দেহের ব্যাকটেরিয়া কলোনি গঠন করে তার কার্যকারণ। শেষে তাঁরা দেখতে পেলেন ব্যাকটেরিয়ার নাক। এই আণবিক নাক দিয়ে ব্যাকটেরিয়া বাতাসের গন্ধ শোঁকে! গবেষণায় উঠে এসেছে, ব্যাকটেরিয়ারও স্নায়ু আছে। স্নায়ুগুলোর মধ্যে নানা রকমের হেরফের আছে। এসব স্নায়ু পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতি বেশ সংবেদনশীল। স্নায়ুগুলোর কোনোটা আলোর প্রতি সংবেদনশীলতা দেখায়। কোনোটা আবার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার কাজটা দেখভাল করে। এক ধরনের স্নায়ুর কাজ শুধু অনুভূতি গ্রহণ করা। পারস্পরিক যোগাযোগ রক্ষায় যেসব জিন এদের নিয়ন্ত্রণ করে, সেগুলোর প্রতি সংবেদনশীল হয় আরেক ধরনের স্নায়ু। তা ছাড়া বাতাসে বিষজাতীয় রাসায়নিক পদার্থের প্রতি সংবেদনশীল স্নায়ুও আছে ব্যাকটেরিয়ার। পরিবেশের প্রতি ব্যাকটেরিয়া সংবেদনশীলতা দেখায় সরাসরি; কিংবা বায়ুমাধ্যমে, বিজ্ঞানীদের নব্য আবিষ্কৃত, আণবিক নাক দিয়ে গন্ধ নিয়ে। কিন্তু কীভাবে ব্যাকটেরিয়া গন্ধের প্রতি সাড়া দেয়? নাকে কোনো গন্ধ লাগলেই হলো, অমনি ব্যাকটেরিয়া একধরনের আঠালো কাদা তৈরি করে। বিজ্ঞানের পরিভাষায় যা বায়োফিল্ম। এই বায়োফিল্ম দিয়ে এরা নিজেদের মধ্যে কলোনি তৈরি করে এবং পারিপার্শ্বিক জীবকে সরিয়ে দিয়ে নিজেদের আস্তানা গেড়ে বসে। এভাবেই ব্যাকটেরিয়ার বায়োফিল্ম মানবদেহে বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন, যেমন হূৎপিণ্ডের ভাল্ব প্রতিস্থাপন করার সময় নানা সংক্রামক রোগ তৈরি করে। যা মানুষের ক্ষতিসাধন করে তাকে নিয়ে এত গবেষণার কী দরকার, যদি তা কোনো কাজে না লাগে? কারণ কৌতূহল। জানার ইচ্ছা। বিজ্ঞানীরা তাই অন্ধকারে খোঁজ করেন আলোর। তাঁরা সফলও হন। সাপের বিষ দিয়ে এর আগে ওষুধ তৈরি হয়েছে তাঁদের গবেষণার কল্যাণেই। এ যেন অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। নিউক্যাসল ইউনিভার্সিটির বিজ্ঞানীরাও সে চেষ্টাই করছেন। প্রতিবছর ব্যাকটেরিয়াঘটিত রোগে মারা যায় লাখ লাখ প্রাণ। তাই কীভাবে ক্ষতিকর বায়োফিল্মকে মানবকল্যাণে ব্যবহার করা যায়, তার রাস্তা খুঁজে বের করাই তাঁদের লক্ষ্য। সাফল্যের লক্ষণও তাঁরা দেখেছেন, পেট্রোলিয়ামে। পেট্রোলিয়াম-পাত্রের মধ্যে ময়লা থাকলে ব্যাকটেরিয়ার বায়োফিল্ম তা পরিষ্কার করে দেয়! জাহাঙ্গীর সুর, বিবিসি নিউজ অবলম্বনে