টুকিটাকি
কৃত্রিম রেটিনা উদ্ভাবনজাপানের গবেষকেরা কৃত্রিমভাবে প্রথম স্টেম সেল থেকে রেটিনা উদ্ভাবনের কৃতিত্ব দেখিয়েছেন। গবেষকেরা এই উদ্ভাবনকে মানব চক্ষুর অন্ধত্ব দূরীকরণে এক বিশাল পদক্ষেপ বলে দাবি করেন। জাপানের ইনস্টিটিউট অব ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল রিসার্চের গবেষক দল এই উদ্ভাবনে কৃতিত্ব দেখিয়েছেন। টেস্টটিউবে ইঁদুরের প্রাথমিক বা এমব্রায়নিক স্টেম সেল ও ভিন্ন ধরনের প্রোটিনের সংমিশ্রণ থেকে রেটিনার অপটিক্যাল কাপ প্রস্তুত করা হয়েছে। ভিন্ন পরীক্ষায় দেখা গেছে, অপটিক্যাল কাপের কোষগুলো স্বাভাবিকভাবে ক্রিয়াশীল ও আচরণ সংবেদনশীল। কৃত্রিম এই রেটিনা গবেষকেরা সফলভাবে ইঁদুরের চোখে প্রতিস্থাপনে সফলতা পেয়েছেন। মানব দেহে এই রেটিনা সফলভাবে প্রতিস্থাপনের জন্য ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিখ্যাত চক্ষুবিজ্ঞানী প্রফেসর রবিন আলী কৃত্রিম রেটিনা উদ্ভাবনকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জন্য অসাধারণ অর্জন বলে জানান। গবেষক দলের প্রধান অধ্যাপক ইয়োশিকি সাশাই জানান, ‘ইঁদুরের দৃষ্টি নিয়ে গবেষণা করতে গিয়ে এই কৃত্রিম রেটিনার উদ্ভাবন। অনেকটা কাকতালীয়ভাবে ইঁদুরের ভ্রূণের স্টেম সেল থেকে রেটিনার অপটিক্যাল কাপ তৈরি হয়েছে।’ এর আগে ২০১০ সালে একই গবেষক দল ইঁদুরের স্টেম সেল থেকে মস্তিষ্কের কোষ উদ্ভাবন করেছিল।এই উদ্ভাবন যাদের দৃষ্টিশক্তি সীমিত বা নষ্ট হয়ে গেছে তাদের ওপর সার্থকভাবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। উদ্ভাবনের ফলে রেটিনার জেনেটিক সমস্যা যেমন—‘রেটিনিটিস পিগমেন্টোসা’ নিয়ে গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হবে। অধ্যাপক আলী বিজ্ঞানবিষয়ক ন্যাচার সাময়িকীতে এই উদ্ভাবন নিয়ে লিখেছেন, ‘বিংশ শতাব্দীর এই ন্যানো প্রযুক্তির সময়ে কৃত্রিম রেটিনার অপটিক্যাল কাপ চিকিৎসাবিজ্ঞান ও জিন তত্ত্বে সফলতার নতুন পালক যোগ করল। কৃত্রিম রেটিনা মানব শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে আধুনিক চক্ষুবিজ্ঞানে ভিন্ন ধারার সৃষ্টি হলো।’‘আলু’র মতো পৃথিবী!পৃথিবীটা দেখতে কেমন? প্রশ্নটা ঘাসের কী রং কিংবা আকাশের কী রঙের মতোই। নীল আকাশ আর সবুজ ঘাস দেখতে যেমন অভ্যস্ত, মানুষ তেমনি শিশুকাল থেকেই শুনে অভ্যস্ত যে পৃথিবীটা গোল। আসলেই কি তাই? আড়াই হাজার বছর আগে গণিতবিদ পিথাগোরাস ধারণা করেন, পৃথিবী গোল। গোলকই সর্বোত্তম জ্যামিতিক আকার আর কি! পিথাগোরাসের পরে পৃথিবীজোড়া জ্ঞানের রাজ্যে একক আধিপত্য অ্যারিস্টটলের। তিনি চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করে ঘোষণা (কিংবা বলা যায়, রায়) দিলেন, পৃথিবীটা গোলাকার। কেননা, চন্দ্রগ্রহণের কালে চাঁদের একপাশের কালো বিন্দুটা তো সব সময় গোলাকার হয়, ওটা তো পৃথিবীরই ছায়া! এরপর ষোল শতকের প্রথম ভাগের কথা। আটলান্টিক মহাসাগরগামী স্পেনের গুয়াডালকুইভির নদীর মোহনা। প্রথমবারের মতো ফার্দিনান্দ ম্যাগেলান সমুদ্রপথে যাত্রা করলেন পৃথিবী প্রদক্ষিণে, পাঁচটি জাহাজ নিয়ে। সমুদ্র পাড়ি দেওয়া কিছুটা দাবা খেলার মতো। ক্ষণে ক্ষণে চাল বদলাতে হয়। ম্যাগেলান তো শেষ পর্যন্ত সাগর থেকে পাড়ে ফিরে আসতেই পারেননি। তিন বছর বাদে একটিমাত্র জাহাজ টিকে ছিল। অবশ্য সেটি ফিরে এসে ফের ভিড়েছিল ওই গুয়াডালকুইভির মোহনাতেই। ব্যস, তত্ত্বটা পাকাপোক্ত হয়ে গেল, পৃথিবীটা গোল! সতেরো শতকের শেষাংশে প্যারিস একাডেমির বিজ্ঞানীরা দাবি করলেন, পৃথিবীর দুই মেরু কিছুটা লম্বা। বিজ্ঞানী নিউটন বাদ সাধলেন, লম্বা নয় বরং চাপা। নিউটন দেখালেন, পৃথিবী কতকটা কমলালেবুর মতো!কিন্তু ইউরোপের মহাকাশ সংস্থার (ইসা) বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীটা ‘আলু’র মতো! বিস্মিত হওয়ার কিছু নেই। পৃথিবীর একেক অংশে অভিকর্ষের মান একেক রকম। অভিকর্ষ হচ্ছে একধরনের বল, যে কারণে আম গাছ থেকে নিচে পড়ে। পৃথিবীর বিভিন্ন অংশের অভিকর্ষের মান নিয়ে মানচিত্র তৈরি করতে গিয়ে বিজ্ঞানীরা দেখছেন, পৃথিবীটা সে বিচারে আলুর মতোই।উল্কাপিণ্ড থেকে নতুন খনিজসম্প্রতি আমেরিকার মহাকাশ সংস্থা নাসা ঘোষণা করেছে, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান ও নাসার গবেষকেরা নতুন ধরনের খনিজের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। ১৯৬৯ সালের ডিসেম্বরে অ্যান্টার্কটিকায় আপতিত উল্কাপিণ্ড থেকে ‘ওয়াশোনাইট’ নামের নতুন এই খনিজ খুঁজে পাওয়া যায়। উল্কাপিণ্ডের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘ইয়ামাটো ৬৯১ এন্সটাটাইট কোনড্রাইট’। ১৯৬৯ সালে জাপানিজ অনুসন্ধান দল সর্বপ্রথম অ্যান্টার্কটিকার ইয়ামাটো পর্বতে ভিন্ন ধরনের নয়টি উল্কাপিণ্ডের অস্তিত্ব খুঁজে পায়। অনুসন্ধান থেকে জাপান ও আমেরিকার গবেষকেরা উল্কা-সম্পর্কীয় ৪০ হাজারের বেশি নমুনা সংগ্রহ করেন। গবেষকেরা নাসার শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে ওয়াশোনাইট খনিজের সঙ্গে অজ্ঞাত আরও কিছু নতুন খনিজের অস্তিত্ব পান, যেগুলো এখনো গবেষণারত। প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বছরের পুরোনো নমুনা থেকে নতুন খনিজের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসার মহাকাশ বিজ্ঞানী কেইকো নাকামুরা অনুসন্ধানের নেতৃত্ব দেন। তিনি বলেন, সালফারের নতুন এই খনিজে টাইটেনিয়ামের উপস্থিতি একে ইউনিক ক্রিস্টাল কাঠামোরূপে তৈরি করেছে, যা আগে প্রাকৃতিকভাবে কোথাও পাওয়া যায়নি। বিজ্ঞানী নাকামুরা অভিমত প্রকাশ করেন, একুশ শতকে ন্যানো প্রযুক্তির মাধ্যমে ওয়াশোনাইটসহ এসব নমুনা দিয়ে মহাবিশ্বের সৃষ্টি-রহস্যের পর্দা আরও উন্মোচিত হবে।আন্তর্জাতিক মিনেরালোজিক্যাল অ্যাসোসিয়েশন ওয়াশোনাইটকে অফিশিয়ালি ৪৫০০তম খনিজ হিসেবে নিবন্ধন করেছে। টাইটেনিয়াম সালফাইড বা ওয়াশোনাইট খনিজের আকার প্রায় ৫০x৪৫০ ন্যানোমিটার, যা কিনা মানুষের চুলের আকারের এক শ ভাগের এক ভাগ মাত্র।উল্কা-সম্পর্কিত গবেষণার পথিকৃৎ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন টি ওয়াশনের নামে নতুন এই খনিজের নামকরণ করা হয়। নাসার জনসন স্পেস সেন্টারের মহাকাশ গবেষক লিন্ডসে কেলার জানান, উল্কা ও খনিজসম্পর্কিত গবেষণার মাধ্যমে আমাদের সৌরজগতের সৃষ্টি ও গঠন সম্পর্কে জানা যায়। আর এ কারণেই কয়েক বিলিয়ন বছরের পুরোনো নমুনা থেকে প্রাপ্ত খনিজ সৌরজগৎ নিয়ে গবেষণায় ন্যানো প্রযুক্তির গুরুত্ব তীব্রতর করেছে। এই গবেষণায় নাসার মহাকাশ-গবেষক ক্লিমেট, কেলার ও জিয়া রহমানসহ দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অনুসন্ধান দল অংশ নেয়।জাহাঙ্গীর সুর ও জাহিদ হোসাইন