টুকিটাকি
মুছে যাক দুঃখ স্মৃতিবিষণ্ন দুপুরে একা থাকতে থাকতে হঠাৎ আপনার মনে নাড়া দিয়ে যায় একরাশ দুঃখের স্মৃতি! তবে এখন বোধ হয় সেসব দুঃখগাথা থেকে মুক্তি পাওয়ার দিন চলে এল। কেননা, কয়েকজন বিজ্ঞানী মিলে এমন একটি ওষুধ আবিষ্কার করতে চলেছেন, যেটা খেলেই আপনার যাবতীয় দুঃখগাথা পালাতে পথ পাবে না। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে, মস্তিষ্ক কীভাবে কোনো বিষাদের সঙ্গে আচরণ করে। আশা করা হচ্ছে, এই প্রাপ্তি ওই ওষুধ তৈরিতে বেশ কাজে লাগবে। ‘এক দশকের মধ্যে আমরা সেই ওষুধ তৈরি করব, যেটা খারাপ স্মৃতিগুলো মন থেকে মুছে দেবে অনায়াসে।’ বলেছেন বিজ্ঞানীরা। লাইচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আরও আশা করছেন, এই প্রাপ্তিটা বিষণ্নতার চিকিৎসায় একটি নতুন পথের সন্ধান দেবে। মস্তিক্ষের একটা অংশ আমাদের যেকোনো স্মৃতি মনে রাখতে চায়, কিন্তু সব সময় এই মনে রাখাটা কাম্যও নয়। বিজ্ঞানীরা সেই প্রোটিন আবিষ্কার করেছেন, যেটা বিষণ্নতায় সাড়া দেয়। এই প্রোটিন আবিষ্কারের উদ্দেশ্যই ছিল ব্যক্তির দুশ্চিন্তা দূরীকরণে কাজ করা।মশা তাড়াতে মোবাইল ফোনযাঁরা স্মার্ট ফোন ব্যবহার করেন, তাঁদের অনেকেই হয়তো খেয়াল করেছেন অ্যান্টি মশকিটো নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি, এলজি অপটিমাস বা নকিয়া ইসিরিজ ব্যবহারকারীদের কাছে অ্যাপ্লিকেশনটি বেশ জনপ্রিয়ও। প্রশ্ন হলো, এই অ্যাপ্লিকেশনটি কাজ করে কীভাবে! উত্তর হলো, তরঙ্গ ব্যবহার করে। ডিম নিষিক্ত করার জন্য মেয়ে মশার রক্তের প্রয়োজন হয়। এ কারণেই মেয়ে মশা গর্ভবতী অবস্থায় মানুষকে আক্রমণ করে। তবে এ অবস্থায় মেয়ে মশারা পুরুষ মশার উপস্থিতি পছন্দ করে না। গর্ভবতী মশা উড়ে চলার সময় যে তরঙ্গ তৈরি হয়, সেটা পুরুষ মশা থেকে ভিন্ন। প্রযুক্তিবিদেরা মশার এ ভিন্নতাকেই কাজে লাগিয়েছেন। স্মার্ট ফোনে অ্যান্টি মশকিটো অ্যাপ্লিকেশনটা যখন চালু করা হয়, তখন মোবাইল থেকে পুরুষ মশা উড়ে চলার তরঙ্গ বের হতে থাকে। ফলে গর্ভবতী কোনো মশা ধরে নেয়, সেখানে পুরুষ মশা আছে। তাই সে দূরে সরে যায়।সেরা ইলেকট্রিক বিমানকে পুরস্কৃত করল নাসাএভিয়েশন ইতিহাসে সেরা নকশা এবং প্রদর্শনকারী বিমানকে পুরস্কৃত করল নাসা। টাউরাস জি৪ নামের এ ইলেকট্রিক বিমানটি তৈরি করে টিম পিপিস্ট্রিল-ইউএসএ নামের একটি দল এ পুরস্কার জিতে নেয়। পুরস্কার হিসেবে তারা পায় প্রায় ১৩ লাখ পাঁচ হাজার ডলার। ক্যাফে গ্রিন ফ্লাইট চ্যালেঞ্জ শীর্ষক এ প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক ছিল গুগল এবং আয়োজক ছিল নাসা। প্রতিযোগিতায় বিজয়ী পিপিস্ট্রিল টাউরাসের জি৪ বিমানটি এক গ্যালনের কম ফুয়েল ব্যবহার করে দুই ঘণ্টায় প্রায় ২০০ মাইল ওড়ে। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক ইলেকট্রিক বিমান তৈরি প্রতিষ্ঠান ই-জিনিয়াস। কয়েক বছর আগেও যেমন বিমান প্রকৌশলীরা নানাভাবে চেষ্টা করেছেন পুরো ইলেকট্রিক শক্তি চালিত বিমান তৈরি করতে, যা খুব সহজে কম খরচে, কম সময়ে, কম শক্তি খরচ করে চলতে পারে। তবে এ নিয়ে প্রয়োজন ছিল দীর্ঘ গবেষণা এবং বড় বিনিয়োগ। আর সে কাজটিই করেছে পিপিস্ট্রিল-ইউএসএ। তারা দুই বছর গবেষণার মাধ্যমে প্রায় ৪০ লাখ ডলার খরচ করে অবশেষে তৈরি করে বিশেষ এ ইলেকট্রিক বিমান। অবশেষে তাদের হাতেই উঠল প্রথম পুরস্কারটি।রূপন্তী নাথ ও শর্মিলা সিনড্রেলা