টুকিটাকি
উদ্ভিদ বর্জ্য থেকে সস্তায় সৌরকোষ প্রস্তুতসম্প্রতি সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা উদ্ভিদ বর্জ্য থেকে সস্তায় সৌরকোষ প্রস্তুতিতে সফলতা লাভ করেছেন। সালোক সংশ্লেষণ-প্রক্রিয়ায় উদ্ভিদে সৌরশক্তি শতভাগ পূর্ণতায় বৈদ্যুতিক চার্জে বিভক্ত হয়। এ ধারণা থেকে গবেষকেরা নতুন ধরনের সস্তা সৌরকোষ উদ্ভাবনের ধারণা লাভ করেছেন। এমআইটির গবেষকেরা প্রথমবারের মতো নতুন এ সস্তা সৌরকোষ প্রস্তুত করেছেন। নতুন এ কোষে জিংক অক্সাইডের ত্রিমাত্রিক কঠিন আবরণের সঙ্গে টাইটেনিয়াম ডাই অক্সাইডের স্পঞ্জি কাচের ওপর আস্তরণের সঙ্গে সালোক বিশ্লেষণের উপাদানগুলোর মিশ্রণ ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে ০.১ ভাগ সৌরশক্তি ০.১ ভাগ বিদ্যুতে পরিণত হয়। গবেষকদলের প্রধান আন্দ্রে মার্সেই নতুন প্রযুক্তি অতি শিগগিরই দারিদ্র্যপীড়িত অঞ্চলের জনসমষ্টি সহজেই ব্যবহার করতে পারবে বলে ধারণা করছেন। জিংক ও টাইটেনিয়ামের তৈরি ব্যাগে যেকোনো উদ্ভিদবর্জ্য দিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে গবেষক দল সায়েন্টিফিক রিপোর্টার্স সাময়িকীতে মত প্রকাশ করেছেন। সব জিনের দরকার নেইনতুন গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকর জীবন ধারণে মানব শরীরের সব জিনের দরকার নেই। জিন হচ্ছে প্রাণের বংশগতির ধারকের আণবিক একক। নিউক্লীয় অ্যাসিডের সমন্বয়ে জিন গঠিত হয়। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ ও রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ এদের মধ্যে প্রধান। মানুষের শরীরে আছে এমন শতাধিক প্রকৃতির জিনের মধ্যে একটি মাত্র জিনলিপি উপস্থিত থাকলে মানুষ চলতে পারে। এ ছাড়া আর ২০ ধরনের জিনের সম্পূর্ণ অনুপস্থিতিতে মানুষ স্বাভাবিক জীবন ধারণ করতে পারে। অনেক জিনজনিত রোগের কারণ হচ্ছে মিউটেশন অথবা জিনগত ভিন্নতা। যার ফলে জিন অকার্যকর হয়ে পড়ে। জিনগত অসাম্যের জন্য অকার্যকর জিনের সন্ধান লাভ করা গবেষকদের পাহাড়সম কঠিন কাজ। কিন্তু নতুন গবেষণা জিনগত রোগের চিকিৎসায় নতুন গতি আনবে। যুক্তরাজ্যের হিনক্সটনের ওয়েলকাম ট্রাস্ট স্যাংগনার ইনস্টিটিউটের থাউজেন্ড জিনোমস প্রজেক্টে গবেষকেরা জিন নিয়ে নতুন গবেষণা প্রতিবেদন প্রদান করেছেন। এই প্রজেক্টের আওতায় ১৮৫ জন মানুষের ডিএনএ থেকে গবেষণা পরিচালনা করা হয়। গবেষকেরা ১২৮৫ প্রকৃতির অকার্যকর জিন খুঁজে পেয়েছেন। ইউরোপীয় জনগোষ্ঠীর মানুষের গড়পড়তায় ২০টির মতো অকার্যকর জিনের সন্ধান পাওয়া গেছে। ২৫০টি জিনের সন্ধান পাওয়া গেছে যাদের জীবন ধারণের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন গবেষকেরা। অতিদুর্লভ ৪০টির বেশি জিনকে পেশিসংক্রান্ত জিনগত রোগের কারণ হিসেবে খুঁজে পেয়েছেন গবেষকেরা। মহাশূন্যে দুর্লভ মৌল টেলুরিয়ামের সন্ধান লাভজ্যোতির্গবেষকদের ধারণা, প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগে মহাবিশ্ব বিগ ব্যাং বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট হাইড্রোজেন, হিলিয়াম, খুবই সামান্য পরিমাণে লিথিয়াম থেকে সৃষ্ট হয়। তারও প্রায় ৩০০ মিলিয়ন বছর পর প্রথম তারা সৃষ্টি হয়, সেই সঙ্গে বিভিন্ন প্রকৃতির মৌল সৃষ্টি হয়। তখন থেকে মহাবিশ্বে সুপারনোভা থেকে শুরু করে বৃহদাকার নাক্ষত্রিক বিস্ফোরণে পর্যায় সারণির ৯৪টি প্রাকৃতিক মৌলের সন্ধান পাওয়া যেত। বিভিন্ন তারা ও গ্রহ-উপগ্রহে গত ৫০ বছরের মহাকাশ গবেষণায় জ্যোতির্বিদেরা এসব মৌলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জ্যোতির্গবেষকেরা পুরোনো তিনটি তারার বর্ণালিবীক্ষণ পরীক্ষায় টেলুরিয়াম মৌলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। প্রায় ১২ বিলিয়ন বছরের পুরোনো তারাত্রয়ে গবেষকেরা পৃথিবীতে প্রাকৃতিকভাবে অতি দুর্লভ এই মৌলের সন্ধান লাভ করেন। উজ্জ্বল তারাত্রয়ের অবস্থান পৃথিবী থেকে কয়েক হাজার আলোকবর্ষ দূরে। আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের নক্ষত্রবলয়ে অবস্থান আদি এই তারাসমষ্টির। হাবল টেলিস্কোপের বর্ণালিবীক্ষণ-যন্ত্রের সাহায্যে গবেষকেরা তারার আলোকে তরঙ্গদৈর্ঘ্য থেকে এ তথ্য উদ্ঘাটনে সফল হয়েছেন। গবেষকেরা টেলুরিয়ামের সঙ্গে সেলেনিয়াম, বেরিয়াম ও স্ট্রোনিয়াম নামের আরও মৌলের সন্ধানের অনুমান করছেন। জাহিদ হোসাইন