টুঙ্গিপাড়ায় ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৫০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের শ্রেণীকক্ষে দুই শিক্ষার্থীর বসাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আজ সকাল নয়টায় এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।আহতদের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে কলেজে দুই শিক্ষার্থীর বসাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটঘাটী বাসস্ট্যান্ডে রামকান্দি ও ডিমাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে । এতে ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার ৫০টি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামানের নেতৃত্বে টুঙ্গিপাড়া থানার পুলিশ ও রিজার্ভ পুলিশ, দাঙ্গা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। আলোচনায় রামকান্দি গ্রামের লোকজন রাজি হলেও ডিমাডাঙ্গা গ্রামবাসী এখনো সায় দেয়নি।