টুঙ্গিপাড়ায় ঈদে মিলাদুন্নবীর জাতীয় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মিলাদুন্নবীর (সা.) জাতীয় অনুষ্ঠান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।ধর্ম প্রতিমন্ত্রী জামায়াতে ইসলামিকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, যারা রগ কাটার রাজনীতি করে, ইসলামের দোহাই দিয়ে মিথ্যা কথা বলে, নবী করিমের আদর্শ ও কোরআন-শরীফের নির্দেশের বিরুদ্ধে কাজ করে, তারা মুসলমান কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। এরা মিথ্যাবাদী ও ধোঁকাবাজ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব-গভর্ণরসের সদস্য মো. আজিজুর রহমান, উসাদুল মুকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আব্দুল্লাহ, মাওলানা রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে, ধর্ম-প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া টুঙ্গিপাড়ায় পৌঁছে ইসলামিক ফাউন্ডেশন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে জাতির জনকের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মাজার জিয়ারত করেন। পরে, মন্ত্রী মাজার কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন।