টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টার দিকে তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ দলীয় নেতা-কর্মীরা তাঁদের স্বাগত জানান।প্রধানমন্ত্রী সরাসরি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। তিন বাহিনীর একটি দল রাষ্ট্রীয় সশস্ত্র সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধানমন্ত্রী বোন শেখ রেহানাকে নিয়ে বেদির সামনে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। এ সময় দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন। সেখান থেকে প্রধানমন্ত্রী ও তাঁর বোন বঙ্গবন্ধু ভবনে যান। তিনি দলীয় নেতা-কর্মী ও নিকটাত্মীয়দের সঙ্গে কুশলবিনিময় করেন। প্রধানমন্ত্রী বোন শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে নিয়ে মিলাদ মাহফিলে অংশ নেন।প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।