টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারিভাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে টুঙ্গিপাড়া আসেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথমে সকাল ১০টা ২৭ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর পরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। তাঁরা এ সময় বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। সমাধিস্থলের সরকারি আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ফিরে গেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ কয়েকজন সংসদ সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক শিশু-কিশোর সমাবেশে ভাষণ দেবেন, শিশু-কিশোরদের একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা দেখবেন ও পুরস্কার দেবেন। পরে তিনি গরিব ছাত্রছাত্রী ও ক্যানসার-আক্রান্ত শিশুদের কাছে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করার কথা রয়েছে তাঁর।