টুজি না পেয়ে থ্রিজির বিনিয়োগ নিয়ে ভাববে না জিপি
দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স নিয়ে চিন্তাভাবনা করবে না মুঠোফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড (জিপি)। জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসন বলেন, ‘টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) কথামতো টুজি লাইসেন্সের জন্য আমরা এর মধ্যে প্রথম পর্যায়ের টাকা পরিশোধ করেছি। কিন্তু লাইসেন্স এখনো হাতে পাইনি। এ অবস্থায় থ্রিজিতে বা অন্য কোনো নতুন ধরনের বিনিয়োগ নিয়ে ভাবতে পারছি না।’আজ মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে জিপির সিইও এ কথা বলেন। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-এপ্রিল) জিপির আয়-ব্যয়ের হিসাব প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম ও বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ নীতিমালা প্রসঙ্গে জিপির সিইও বলেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক সর্বোচ্চ চর্চার (ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস) অভাব রয়েছে। বিটিআরসি যে ধরনের নীতিমালা বা তরঙ্গের দাম নির্ধারণ করে তা আন্তর্জাতিক মানের নয়। প্রয়োজন দীর্ঘস্থায়ী বিনিয়োগবান্ধব নীতিমালা ও আইন। অন্যথায় বিদেশি বিনিয়োগ নিরুত্সাহিত হবে।’সম্প্রতি বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংযোজিত সেবা (ভাস) খসড়া নীতিমালা প্রসঙ্গে টোরে জনসন বলেন, ‘খসড়া নীতিমালাটিতে অনেক ধরনের অস্পষ্টতা রয়েছে। এ ছাড়া অপারেটরদের টুজি লাইসেন্সেও ভাস সেবা দেওয়ার বিষয়টি রয়েছে। এ জন্য কোটি কোটি টাকার অবকাঠামো তৈরি করা হয়েছে। এখন যদি অপারেটররা ভাস সেবা না দেয় বা এটিকে অপারেটরদের কাছ থেকে আলাদা করা হয়, তবে ডেটা দ্রুত পরিবহনের জন্য থ্রিজি লাইসেন্স জিপি নেবে কি না সেটা ভেবে দেখতে হবে।’