টুজি লাইসেন্স কিস্তি, ৩ অপারেটর টাকা দিয়েছে
দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির অর্থ ভ্যাটসহ দুই হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা জমা দিয়েছে তিন মুঠোফোন অপারেটর কোম্পানি। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে গ্রামীণফোন, বাংলালিংক ও রবির প্রতিনিধিরা নির্ধারিত অর্থ জমা দেন। তবে তহবিল জোগাড় করতে না পারায় লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির অর্থ জমা দিতে পারেনি সিটিসেল। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, লাইসেন্স নবায়নে ভ্যাটসহ দুই হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা জমা দিয়েছে তিনটি মুঠোফোন অপারেটর কোম্পানি। এর মধ্যে গ্রামীণফোন এক হাজার ৮০ কোটি ৯৪ লাখ, বাংলালিংক ৬৫৭ কোটি ৫৩ লাখ এবং রবি ৬৩৩ কোটি ৯২ লাখ টাকা জমা দিয়েছে।জিয়া আহমেদ আরও জানান, দ্বিতীয় কিস্তির জন্য সিটিসেলের ভ্যাটসহ প্রায় ১৫০ কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল। তবে সিটিসেল লেট ফিসহ টাকা জমা দিতে পারবে বলে জানান তিনি। সিটিসেলের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, তহবিল জোগাড় না হওয়ায় এখন অর্থ জমা দেওয়া হয়নি। এ বিষয়ে বিটিআরসিকে জানিয়ে ও বাড়তি সময় চেয়ে চিঠি লেখা হয়েছে বলে জানান তিনি।গত ২৭ আগস্ট চিঠি দিয়ে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলকে তিন হাজার ৪০০ কোটি টাকা পরিশোধ করার চিঠি দেয় বিটিআরসি। চিঠি অনুযায়ী, ২০১০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত চার অপারেটরের কাছে মোট এক হাজার ৭৮ কোটি ৬৪ লাখ টাকা বকেয়া রয়েছে। দ্বিতীয় কিস্তি হিসেবে লাইসেন্স নবায়নে স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট (তরঙ্গ বরাদ্দ) ফি বাবদ দুই হাজার ৩২৫ কোটি টাকা দিতে হবে। স্পেকট্রাম ফির সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট যোগ হবে বলে বিটিআরসির চিঠিতে উল্লেখ করা হয়।লাইসেন্স নবায়নের জন্য চার অপারেটর কোম্পানিকে প্রায় সাত হাজার ৫৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। এর মধ্যে গত নভেম্বরে লাইসেন্স নবায়নের প্রথম কিস্তির তিন হাজার ১৮৪ কোটি ২৪ লাখ টাকা জমা দেয় চার অপারেটর কোম্পানি।বকেয়া পাওনার বিষয়ে জিয়া আহমেদ জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অপারেটরদের পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।