টুটুলের স্কুল ‘ধ্রুবতারা’
কিছুদিন আগে গায়ক এস আই টুটুল তাঁর ফেস টু ফেস ব্যান্ডের নাম পাল্টে রাখেন ‘ধ্রুবতারা’। সম্প্রতি সেই নামটির সঙ্গে মিল রেখে একটি স্কুলও চালু করছেন তিনি। নাম ধ্রুবতারা একাডেমি। ঢাকায় নয়, এটি স্থাপিত হয়েছে টুটুলের জন্মস্থান কুষ্টিয়ায়। কুষ্টিয়ার কমলাপুরের ১১৩ গির্জানাথ মজুমদার সড়কে টুটুলদের নিজ বাড়িতে আগামী মার্চ মাস থেকে ধ্রুবতারা একাডেমির কার্যক্রম শুরু হবে। টুটুল জানিয়েছেন, ধ্রুবতারা একাডেমিতে নাচ-গান-বাদ্যযন্ত্র-চিত্রকলা-ভাষা শিক্ষার ক্লাসসহ থাকবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের প্রি-স্কুলিং।এস আই টুটুল বলেন, ‘শিক্ষা আমাদের দেশের একটা বড় সমস্যা। এটার প্রতি অবহেলা করা কোনো অবস্থাতেই উচিত নয়। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল শিক্ষাসমস্যা নিয়ে কাজ করার। এখন সেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে।’টুটুল আরও বলেন, ‘একটা দেশের উন্নতির অন্যতম পূর্বশর্ত হচ্ছে, সে দেশের মানুষদের সুশিক্ষায় শিক্ষিত হওয়া। একটা শিক্ষিত জাতি সে দেশের বড় একটা সম্পদও বটে। একজন শিল্পী হিসেবে নিজেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে শিক্ষা খাতটাকে আমার সবচেয়ে উত্তম একটা পন্থা মনে হয়েছে। মূলত এই ভাবনা থেকে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছি।’প্রাথমিকভাবে কুষ্টিয়ায় ধ্রুবতারা একাডেমির কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে রাজধানী ঢাকাতেও এর একটা শাখা খোলার চিন্তাভাবনা করছেন টুটুল। জানা গেছে, এরই মধ্যে বেশ ঢাকার শাখাটির জন্য কাজও গুছিয়ে এনেছেন তিনি।