টুপি না পরায় ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুপি না পরার অপরাধে আলী আকবর নামের এক ছাত্রকে পিটিয়ে মাথা ফাটিয়েছেন একজন মাদ্রাসাশিক্ষক। সম্প্রতি বগুড়ার ধুনট উপজেলার খাদুলী মুলতানী পারভীন শাহজাহান আলী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ওই ছাত্রের মা চায়না বেগম বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছেন।মাদ্রাসা ও এলাকা সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদ্রাসা চলাকালে শিক্ষক জাহাঙ্গীর আলম ক্লাসে গিয়ে আলী আকবরসহ কয়েকজন ছাত্রের মাথায় টুপি দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি তাঁর হাতে থাকা লাঠি দিয়ে আলী আকবরকে মারধর করেন। পরে তাঁকে চিকিত্সার জন্য শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আলী আকবরের মা চায়না বেগম বলেন, ‘আমার ছেলেরে শিক্ষক জাহাঙ্গীর অন্যায়ভাবে মারধর করে মাথা ফাটিয়েছেন। আমি এই ঘটনার বিচার চেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি মাদ্রাসার সুপার ইমদাদুল হকের নির্দেশেই টুপি না পরার অপরাধে মারধর করেছি। অন্য ছাত্রকে মারতে গিয়ে বেতটি হঠাত্ আলী আকবরের মাথায় লেগে মাথা ফেটে গেছে। চিকিত্সার জন্য তাঁর মায়ের হাতে চার হাজার টাকা দিয়েছি।’মাদ্রাসার সুপার ইমদাদুল হক বলেন, ‘আলী আকবরকে মারধরের অপরাধে শিক্ষক জাহাঙ্গীর আলমকে পরের দিনই সাময়িক বহিষ্কার করেছি।’ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শাহজাহান পাশা জানান, ছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ছাত্রের মা মামলা করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে।