টুশির প্রিয় ফুল কৃষ্ণচূড়া ফুটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে গাছে ফুটেছে থোকা থোকা কৃষ্ণচূড়া। লাল, কমলা, হলুদে অপরূপা এ ফুল। রোদের প্রচণ্ড উত্তাপ চৈত্র-বৈশাখেই এর আগমনী সন্দেশ। বসন্তকালেই পাখির মিষ্টি কূজনে একটু একটু করে ফোটে ফুল। বৈশাখজুড়ে থাকে তার রেশ। টুশির প্রিয় ফুল কৃষ্ণচূড়া, তারপর রঙ্গন। ওর অনেক কবিতায় এসেছে এ ফুলগুলোর নাম। প্রকৃতিকে ভালোবাসত। ভালোবাসত আকাশ আর ফুলকে। প্রতিদিন এ জন্যই তার একবার-দুবার ছাদে যাওয়া। ফুলগাছটিকে কাছে থেকে আর পূর্ণাঙ্গভাবে তাহলে দেখা যায়। টুশি চমত্কার গল্প লিখত, ছড়া লিখত। কচিকাঁচার আসর অথবা খেলাঘরের সাহিত্যবাসরে গিয়ে পড়ত। সেই টুশি হারিয়ে যাওয়ার আজ প্রায় আট বছর ছুঁয়েছে। কেমন করে তবু কেটে যায় প্রতিদিন, বছর। আকাশে তেমনি করেই চাঁদ ওঠে। তারারা ঝলমল করে। সূর্য হাসে। বসন্ত আসে, লাল কৃষ্ণচূড়া ফোটে। জীবন থেমে থাকে না। টুশি ওই পারে গিয়ে কী করে থাকে! চিরচঞ্চল মেয়েটি চুপচাপ নিথর হয়ে গেল। চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল। ওকে ঘিরে আনন্দগুলো ঝরে গেল শিউলি ফুলের মতো। সে যেন তার সবটুকু সুরভি বিলিয়ে পৃথিবীর পরে রেখে গেল। ৮ এপ্রিল ১৯৭৮ তার জন্মদিন। ২০০২ সালের ২৭ এপ্রিল পৃথিবীতে তার শেষ নিঃশ্বাস রাখার দিন। এমনি করেই কেটে যাবে দিন। আমরাও একদিন চলে যাব। ক্ষণিকের আয়োজনে আর কটা দিন মাত্র। চিরচেনা পৃথিবীতে এমনি করেই আসা আর যাওয়ার খেলা। ফুল ফোটে ঝরে যায়। মানুষ আসে মানুষ চলে যায়। টুশি তুমি যেখানেই থাকো, ভালো থেকো। রিফাত আরা শাহানা টুশির মা