টেকনাফ উপকূলে তিমি হত্যা
কক্সবাজারের টেকনাফ উপকূলে একটি তিমি মেরে ফেলেছে জেলেরা। তিমিটি প্রায় ১৬ ফুট লম্বা। ওজন প্রায় ২০ মণ।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত রোববার দুপুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বারবাইন এলাকার সমুদ্রে মাছ ধরছিলেন এক দল জেলে। এ সময় জালে একটি বড় আকারের মাছ ধরা পড়ে। কিন্তু মাছটি অনেক বড় হওয়ায় সেটি নৌকায় উঠানো সম্ভব হয়নি। তাই জেলেরা মাছটি পিটিয়ে মেরে ফেলেন। পরে এটিকে নৌকার পেছনে বেঁধে টেনে কূলে নিয়ে আসা হয়। মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়।জেলে ফরিদ আলম জানান, তিমিটি জালে আটকে পড়ার পর এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এতে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন লাঠি দিয়ে আঘাত করে তিমিটি মেরে ফেলা হয়। নৌকার মালিক আবদুল আলী বলেন, হাঙ্গর মনে করে মাছটিকে কূলে টেনে আনা হয়। যার দাম তিন থেকে চার লাখ টাকা পাওয়ার আশা করেছিলেন তিনি। কিন্তু কূলে টেনে আনার পর দেখা যায় এটি তিমি মাছ। মাছটি সাড়ে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ টেকনাফ ফিসারিজ ঘাটে গিয়ে এটিকে তিমি মাছ বলে শনাক্ত করেন। তিমি ও হাঙ্গর ধরা ও হত্যা থেকে বিরত থাকার জন্য তিনি জেলেদের প্রতি আহ্বান জানান।