টেকনাফ-চট্টগ্রামসহ ১৯ রুটে পরিবহন ধর্মঘট, বিপাকে পর্যটকেরা
টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কসহ ১৯টি রুটে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট ডেকেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে চলাচলকারী পরিবহনের মালিক ও শ্রমিক যৌথ সমন্বয় কমিটি নামের একটি সংগঠন। পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীরা।মালিক-শ্রমিক যৌথ সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু মুসা প্রথম আলো অনলাইনকে বলেন, সাত দফা দাবিতে টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কসহ ১৯টি অভ্যন্তরীণ রুটে ভোর ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হয়, ততক্ষণ পর্যন্ত এ ধর্মঘট চলবে।আবু মুসা জানান, কক্সবাজার বাস টার্মিনাল সম্প্রসারণ, কক্সবাজার বাস টার্মিনালে চাঁদাবাজি বন্ধ, মহাসড়কে দূরপাল্লার যানবাহনের পথে পথে গাড়ি থামিয়ে যাত্রী নেওয়া, পটিয়া উপজেলায় যাত্রী কল্যাণ সমিতির কার্যক্রম বন্ধ করে সরকার নির্ধারিত গাড়ি ভাড়া কার্যকর, মহাসড়কে কম গতির যানবাহন বাদ দিয়ে বেশি গতির গাড়ি চালানোর অনুমতি, পরিবহন মালিকদের রাজনৈতিক চাঁদাবাজের হাত থেকে রক্ষা এবং কক্সবাজারের চকরিয়ায় পরিবহন শ্রমিক নেতার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।কয়েকজন পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের ধর্মঘট জনগণকে দুর্ভোগে ফেলে। দাবি আদায়ে বিকল্প ব্যবস্থা নিতে মালিক-শ্রমিক সংগঠনের প্রতি তাঁরা অনুরোধ জানান।