টেকনাফের খুরশিদার কথা মনে আছে? যিনি গত বছর ওয়াংগারি মাথাই পুরস্কার জয় করেন। ইতালির রোমে ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর খুরশিদা বেগমকে পুরস্কার প্রদান করা হয়। ইতালি যাত্রা ও পুরস্কার গ্রহণের অভিজ্ঞতা নিয়ে ৪ মার্চ সকালে খুরশিদা তাঁর বাড়িতে বলেন নানা কথা। কেনিয়ার নোবেলজয়ী পরিবেশবিদ ‘ওয়াংগারি মাথাই’ মারা গেছেন ২০১১ সালে। বিশ্বব্যাপী ‘সবুজবেষ্টনী গড়ে তোলা’ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই আন্দোলনের জন্য ২০০৪ সালে তিনি পেয়েছিলেন শান্তিতে নোবেল। তাঁর সম্মানে জাতিসংঘের বন ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থার উদ্যোগে গঠিত ‘দ্য কোলাবরেটিভ পার্টনারশিপ অব ফরেস্ট’ (সিপিএফ) নোবেলজয়ী ওয়াংগারি মাথাইয়ের নামে এই পুরস্কারের প্রবর্তন করে। আর প্রথম পুরস্কারটি ছিনিয়ে আনেন বাংলাদেশের খুরশিদা বেগম। টেকনাফের বনাঞ্চলঘেরা কেরনতলী গ্রামে তাঁর নিবাস।খুরশিদার নেতৃত্বে ২৮ নারী বনাঞ্চল রক্ষা, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রেখে এই পুরস্কারের জন্য মনোনীত হন। টেকনাফ থেকে ইতালি যে নারী জীবনে কোনো দিন রাজধানী ঢাকা দেখেননি, ওয়াংগারি মাথাই পুরস্কার গ্রহণের জন্য তিনি যাবেন ইতালি? তাও আবার একা একা। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর। সকাল নয়টা। বাড়ি থেকে বাসে উঠেই খুরশিদার কান্নাকাটি শুরু। কারণ, বাড়িতে রেখে এসেছেন দুই ছেলে সাইফুল ও এরশাদকে। তাদের জন্য মনটা খারাপ ছিল। কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা ফেলে ১৮ সেপ্টেম্বর সকালে তিনি জীবনের প্রথম পা দিলেন ঢাকায়।খুরশিদা বলেন, ঢাকায় পৌঁছে সবাই ব্যস্ত হয়ে পড়েন আমার পাসপোর্ট তৈরি নিয়ে। ২৫ সেপ্টেম্বর সকালে হাতে এল সেই পাসপোর্ট। ২৬ সেপ্টেম্বর সকালে আইপ্যাকের এক নারী কর্মকর্তা আমাকে নিয়ে গেলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর প্রয়োজনীয় কাজ সেরে সকাল নয়টায় আমি বিমানে চড়লাম।তারপর?খুরশিদা বলেন, জীবনের প্রথম বিমানে উঠে খুব ভয় পেয়েছিলাম। মাটি থেকে আকাশে ওঠার সময় ভয়ে চিৎকার দিলাম। শুরু করলাম কান্নাকাটি। বিমানযাত্রীরা সবাই হতবাক। এক বিমানবালা এসে কারণ জানতে চাইলেন। বললাম, আমার দুই ছেলে বাড়িতে রেখে এসেছি। তাঁদের বাবাও নেই। তা ছাড়া একা একা ইতালি যাচ্ছি। পথঘাট কিছুই চিনি না। ইংরেজিও বুঝি না। তাই কাঁদছি।বিমানবালা সান্ত্বনা দিয়ে কফি ও নাশতা খেতে দিলেন। তারপর বললেন, কোনো সমস্যা হবে না।খুরশিদা বলেন, ইতালির অত্যাধুনিক বিমানবন্দর দেখে মনে হলো-আমরা কত পিছিয়ে। বিমানবন্দরে যখন পৌঁছাই-তখন রাত ১২টা। যাত্রীরা সবাই চলে গেছেন। আমি হারুন নামের একজনের অপেক্ষায় আছি। ভোর তিনটার দিকে হারুন এসে আমাকে নিয়ে গেলেন একটি হোটেলে। তখন ভোর পাঁচটা ( ২৭ সেপ্টেম্বর)। ফেরদৌসী নামের আরেক নারী এসে বলে গেলেন সকাল সাতটার মধ্যে প্রস্তুত থাকতে। বেলা ১১টায় রোম শহরের একটি অনুষ্ঠানে আমার হাতে তুলে দেওয়া হলো—পৃথিবীর প্রথম ‘ওয়াংগারি মাথাই’ পুরস্কার সনদ ও একটি মেডেল। খুরশিদা বলেন, অনুষ্ঠান শেষে ফেরদৌসী ও হারুন আমাকে রোম শহর ঘুরিয়ে দেখালেন। ২৯ সেপ্টেম্বর সকালে ঢাকার উদ্দেশে রওনা দিই। ফিরে আসি ঢাকায়। ওয়াংগারি মাথাই পুরস্কার না পেলে ঢাকা আর ইতালি কোনোটাই দেখা হতো না। বিমানে চড়াটা স্বপ্নই থেকে যেত। দেশে ফেরার পর বন ও পরিবেশমন্ত্রী, বন বিভাগ, আইপ্যাকসহ বিভিন্ন সংগঠন সংবর্ধনা দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ঢাকার গাজীপুর আনসার একাডেমিতে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা পদক তুলে দেন। সঙ্গে ৭৫ হাজার টাকার একটি চেকও। পুরস্কারের টাকা কী করলেন?খুরশিদা বলেন, দলের সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পর দায়িত্বটা আরও বেড়ে গেল। এখনো প্রতিদিন সকাল-দুপুর-বিকেল নারীদের সঙ্গে নিয়ে বনাঞ্চল পাহারা দিচ্ছি। নারীদের বাঁশির শব্দে পুরুষ কাঠচোররা যখন বন ছেড়ে দৌড়ে পালায়, তখন মনে হয়—নারীরাও পারে। আমরা আরও এগোতে চাই।