টেকনাফ থেকে ঢাকা-চট্টগ্রামে কাঠ পরিবহন বন্ধ
ট্রাকের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর থেকে ঢাকা ও চট্টগ্রামে কাঠ পরিবহন বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গত বুধবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত কাঠ পরিবহন বন্ধ রয়েছে।জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকের মালিকেরা প্রতি ট্রাকে প্রায় এক-তিন হাজার টাকা ভাড়া বাড়ান। এর প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা কাঠ পরিবহন বন্ধ করে দেন।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম প্রথম আলোকে জানান, আগে প্রতিদিন ৩০-৪০টি কাঠ-ভর্তি ট্রাক ছেড়ে যেত। গত সাত দিনে কোনো ট্রাক বন্দর থেকে ছেড়ে যায়নি। ফলে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার জ্বালানি, যোগাযোগ ও এনার্জি রেগুলেটরি কমিশনের মধ্যে সমন্বয় না করে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ায় যানবাহনের মালিকেরা তাঁদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। ট্রাকের মালিকেরা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন।জানা যায়, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে নয়বার। দাম কমেছে মাত্র দুবার। এবার ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি দুই টাকা। তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিবহন মালিকেরাও ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে দেন। পরে বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করে, শেষ পর্যন্ত তা কাগজে-কলমেই থাকে। ট্রাকের মালিকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।স্থলবন্দরের কাঠব্যবসায়ী আবদুল নবী খান প্রথম আলোকে বলেন, প্রতিবারই জ্বালানির দাম বাড়লে ব্যবসায়ীরা বেশি হয়রানির শিকার হন।টেকনাফ ট্রাক মালিক সমিতির সভাপতি দিদার হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাকের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়ার জন্য যদি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন, তাহলে তা নিয়ে আলোচনা করা যেত। কিন্তু তাঁরা সেটা না করে মালামাল পরিবহন বন্ধ করে দেওয়ায় আমদানিকারকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।