টেকনাফ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের শাহপরীর দ্বীপের বিডিআর জেটিঘাট এলাকা থেকে আজ বুধবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুল হাসানের (২৫) লাশ উদ্ধার করেছে টেকনাফ থানার পুলিশ। ময়নাতদন্ত শেষে নিকটাত্মীয়দের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।সোহানুল মেহেরপুরের বড়বাজার এলাকার বাবর আলী ও রেহেনা আকতারের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের ৩৩তম ব্যাচের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ বরকত হলের ৩২১ নম্বর কক্ষে থাকতেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, ২৫ জুলাই দুপুরে সোহানুল সেন্টমার্টিন দ্বীপের একটি আবাসিক হোটেলে উঠে ব্যাগ রেখে ‘ছেঁড়া দ্বীপে’ যাবেন বলে কাউন্টারে চাবি দিয়ে বেরিয়ে যান। পরে ছেঁড়া দ্বীপ এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে তিনি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন। তবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা বঙ্গবন্ধু’ তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু ওই রাতেই হাসপাতালে সেবিকা ও প্রহরীকে মারধর করে তিনি পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল রাত সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপ উপকূলে বিডিআর জেটির কাছে তাঁর লাশ ভেসে ওঠে। পরে সোহানুলের মামা মোহাম্মদ শফিকুল ইসলাম ও বড় ভাই রায়হান লাশ শনাক্ত করেন। সোহানুলের মামি শামিমা রহমান মোবাইল ফোনে জানান, সোহানুল কাউকে কিছু না জানিয়ে গত শনিবার বিশ্ববিদ্যালয় থেকে বের হন। পরে হলে তাঁর কক্ষে খোঁজ নিয়ে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়।একটি চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য সবাই দায়ী, আমিও দায়ী।’ আরেকটিতে লেখা, ‘আমার সুইসাইডের জন্য ইউনিভার্সিটি দায়ী, সেশনজট দায়ী।’ শামিমা রহমান আরও জানান, বিশ্ববিদ্যালয় হল ছাড়ার আগে তিনি একটি প্রোফাইলও লিখে রেখে গেছেন। তাতে লেখা ছিল, ‘নাম: স্বাপ্নিক সোহান, পেশা: স্বপ্ন দেখা, শখ: গান শোনা, ঠিকানা : Some Where in Bay of Bangal Near Sentmartin Island, প্রিয় দিন: ২৫ জুলাই, আমার জন্ম ও মৃত্যু দিন।’সোহানুলের পরিবারের সদস্যদের ধারণা, তিনি বেশ কয়েক মাস ধরেই আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। সোহানুলের মামা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য। আমরা সোহানকে বাঁচাতে পারলাম না।’