টেকনাফ-সেন্টমার্টিন রুটে কাল থেকে পর্যটকবাহী জাহাজ চলবে
প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আগামীকাল রোববার থেকে আবার বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু হচ্ছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী জাহাজ কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়ার টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম ও আবদুর রহমান প্রথম আলোকে জানান, আগামীকাল থেকেই পর্যটকেরা এসব জাহাজে চলাচল করতে পারবে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পর্যটকদের কথা ভেবে টেকনাফ- সেন্টমার্টিন নৌপথে কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়া জাহাজকে সারা বছর চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল। বৈরী আবহাওয়ার জন্য জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় জাহাজ চলাচল বন্ধ ছিল। গত ২৯ মে জাহাজ কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটি ও বিভিন্ন অংশ মেরামত করার জন্য এই রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এই রুটে প্রায় সাড়ে চার মাস জাহাজ চলাচল বন্ধ ছিল।গত ১২ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাহাজ চলাচলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় নুরুল আলম নিজামীকে আহ্বায়ক ও টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি পযর্টকদের কথা চিন্তা করে জাহাজের ভাড়া সর্বনিম্ন ৪৫০-১১০০ টাকা নির্ধারণ করেছে।আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সাগরে একের পর এক সতর্কসংকেত থাকায় এত দিন জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হয়নি। তবে এখন জাহাজ চলাচল করতে পারবে।