টেকনাফ সৈকত থেকে ২৪ নারী-শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে পুলিশ ২৪ জন নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে শিশু ২০টি। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের কাছে মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে।পুলিশ ধারণা করছে, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে নৌকাডুবিতে এসব নারী-শিশুর মৃত্যু হয়েছে। টেকনাফ থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস গত রাতে ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, টেকনাফ সদর ইউনিয়ন সৈকতের দরগাছড়া, রাজারছড়া ও লম্বরী এলাকা থেকে ২৪ জন নারী-শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুদের বয়স এক থেকে চার বছরের মধ্যে। বাকি চারজন নারী। এদের পকেট ও কাপড়ের ব্যাগে মিয়ানমারের মুদ্রা পাওয়া গেছে। সাগরে আরও কয়েকটি লাশ ভাসতে দেখা গেছে। তবে সাগর উত্তাল থাকায় নামা সম্ভব হচ্ছে না।দিদারুল বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, মিয়ানমারের আরাকান রাজ্যে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা দল বেঁধে বাংলাদেশে পালিয়ে আসার সময় সাগরে ঘূর্ণিঝড় মহাসেনের কবলে পড়ে। এ সময় তাদের নৌকা ডুবে যায়। টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়ার জেলে নুরুল হক (৪৫) বলেন, গতকাল দুপুর দুইটার দিকে কক্সবাজার উপকূলকে বিপদমুক্ত ঘোষণা করে প্রশাসন। বিকেল চারটার দিকে তিনিসহ কয়েকজন জেলে দরগাছড়া সৈকতে নেমে দেখেন পাঁচটি শিশুর লাশ ভাসছে। তারপর সৈকতের আরও চার কিলোমিটার এলাকা ঘুরে দেখতে পান, কয়েকটি নারী-শিশুর লাশ ভেসে আসছে। এরপর তিনি টেকনাফ থানা পুলিশকে ফোনে লাশ ভেসে আসার খবর জানান। বিকেল পাঁচটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একে একে ১৮টি শিশু ও তিনটি নারীর লাশ উদ্ধার করেন। লাশগুলো দেখতে সৈকতে স্থানীয় লোকজন জড়ো হন। তবে কেউ লাশ শনাক্ত করতে পারেননি। ঘটনাস্থল থেকে ফিরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ২৪ নারী-শিশুর লাশ টেকনাফ আনা হয়েছে। এরপর লাশ কী করা হবে—সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘূর্ণিঝড় মহাসেনের কবলে পড়ে নৌকাডুবিতে এদের মৃত্যু হয়েছে। সাগরে আরও লাশ থাকতে পারে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। তাই সাগরে নামা সম্ভব হচ্ছে না।