টেকনাফ স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো আজ শনিবার সব ধরনের পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে শুঁটকি আমদানি করার অভিযোগে আটক দুটি ট্রাক আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবিতে বন্দরের প্রধান ফটকে সকালে প্রতিবাদ সমাবেশ করেন টেকনাফ ট্রাক পরিবহন সমিতি ও শ্রমিক কমিটির নেতা-কর্মীরা। তা না হলে বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা শুঁটকি আসে। এ শুঁটকির মালিকানা দাবি করেন স্থানীয় সাংসদ আবদুর রহমানের ছোট ভাই এবং মেসার্স এশিয়া এন্টারপ্রাইজের মালিক আবদুল আমিন। একটি ট্রাকে ১২ হাজার ৯১০ কেজি এবং আরেকটি ট্রাকে নয় হাজার ৬৪০ কেজি শুঁটকি ছিল। ট্রাক দুটির পণ্যের ওজন মাপা হলে অতিরিক্ত এক হাজার ৬৪৪ কেজি শুঁটকির কোনো ধরনের বিল অফ এট্রি না থাকায় ট্রাক দুটির আউট পাস দিতে অস্বীকৃতি জানায় বন্দর কর্তৃপক্ষ। এতে আমিন ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত ১২টার দিকে দল-বল নিয়ে বন্দরের ব্যবস্থাপক (হিসাব) জসিম উদ্দিনের ওপর হামলা চালান। ফলে তিনি গুরুতর আহত হন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।তবে আবদুুল আমিন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে আজ টেকনাফ ট্রাক পরিবহন সমিতি ও শ্রমিক কমিটির ব্যবস্থাপক বদিউল আলম অভিযোগ করেন, বন্দরের লোকজন ট্রাকের চাকা নষ্ট এবং চালকদের মারধর করেছে। তিনি জানান, এসব ঘটনার প্রতিবাদে এবং ট্রাক ছেড়ে দেওয়ার দাবিতে তাঁরা এ কর্মসূচি নিয়েছেন। তিনি বন্দরের ব্যবস্থাপক (হিসাব) জসিম উদ্দিনের পদত্যাগ দাবি করেন। তবে বন্দর প্রশাসনের ইনচার্জ মো. সালাহ উদ্দিন ট্রাকের চাকা নষ্ট ও চালককে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।