টেকনাফে অবৈধ দখলকারীদের হামলায় দুই বনকর্মী আহত
কক্সবাজারের টেকনাফে বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে অবৈধ দখলকারীদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান জানিয়েছেন।আহত বনকর্মীরা হলেন মারমে চাকমা (৪৫) ও এরশাদুল্লাহ (৪০)। তাঁদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যম নিলা বিটের আওতাধীন কানজরপাড়া পাহাড়ি টিলায় প্রায় সাত একর জমি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছিলেন। আজ সকাল ১০টার দিকে বন বিভাগের পক্ষ থেকে পুলিশ ও বিডিআরের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই স্থান থেকে প্রায় ৪০টি বাড়ি উচ্ছেদ করা হয়। কিন্তু অভিযান শেষে অবৈধ দখলকারীরা একত্র হয়ে বনকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবৈধ দখলদার বলেন, ‘আমাদের কোনো ঘরবাড়ি নেই। তাই এখানে আশ্রয় নিয়েছি। যদি আমাদের সময় দেওয়া হতো, তাহলে অন্যত্র চলে যেতাম। কিন্তু এভাবে আমাদের উচ্ছেদ করায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।’ গাজী মতিউর রহমান বলেন, ‘এ ব্যাপারে একটি মামলা করার প্রক্রিয়া চলেছে।’