টেকনাফে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ শুক্রবার স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনকালে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় টেকনাফ উপজেলা বিএনপির নেতা জাফর আলম বাধা দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর কথা না শুনলে তিনি নিজেই মাইক বন্ধ করে দেন। এ সংবাদ শুনে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ওই স্কুলে গেলে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হন।আহত ব্যক্তিরা হলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা কামাল হোসেন, যুব লীগের নেতা মুফিজ আলম, মুহাম্মদ আলম এবং বিএনপির নেতা জাফর আলম, নুরুল হুদা, নুরুল আলম, কামাল হোসেন, ফরিদ আলম ও মোহাম্মদ রফিক। তাঁদের মধ্য থেকে কামাল হোসেন ও মুফিজ আলমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিওপি বিডিআরের কোম্পানি কমান্ডার সোহরাওয়ার্দী জানান, বঙ্গবন্ধুর ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিডিআর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত সন্দেহে মো. মোবারক ও মুফিজুর রহমানকে আটক করেছে।লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ জানান, স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর সময় বিএনপির নেতারা এ ঘটনার সূত্রপাত ঘটান।