টেকনাফে ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষে আটক ৩২ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে টেকনাফে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পর র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩২ জনকে আটক করেছে। পরে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাতেই ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন বলে আজ রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সাবরাং ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রণজিত্ কুমার বড়ুয়া প্রথম আলোকে জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফল ঘোষণার পর ব্যালটবাক্স ও কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসনে যাওয়ার সময় ছয় নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী মাহামুদুর রহমান ও তিন নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী সিদ্দিক আহমদের সমর্থকেরা বাধা দেয়। এ সময় পুলিশের গাড়িতে থাকা ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ নিয়ে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজিত সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি দেড় শতাধিক গুলি ও রাবার বুলেট বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে র্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এর মধ্যে টেকনাফ থানার ওসিসহ ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন।টেকনাফ থানার চিকিত্সক শমসের মো. তজবির খান জানান, এ ঘটনায় আহতদের মধ্যে ২২ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ মো. আবদুল্লাহ নামের একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিমউদ্দিন অপরাধীদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে পরাজিত প্রার্থীদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।