টেকনাফে ইয়াবা ও সার উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল রোববার রাতে টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ বস্তা ইউরিয়া সার ও ৩৫২টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন। এ সময় ইমাম হোসেন (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সার ও ইয়াবা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে টেকনাফের জাদিমুরা দিয়ে মিয়ানমারের পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেন বিজিবির দমদমিয়া বিওপির (চৌকির) সদস্যরা। অপর অভিযানে গতকাল রাত নয়টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ইমাম হোসেনের কাছ থেকে ৩৫২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবাগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় তাঁর শরীরে অভিনব কায়দায় লুকানো ছিল। বিজিবির সদস্যরা সংশ্লি¬ষ্ট ধারায় মামলা করে আটক ব্যক্তিকে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রণজিত্ কুমার বড়ুয়া বলেন, বিজিবি বাদী হয়ে পৃথক ঘটনায় মামলা করেছে। আজ আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।