টেকনাফে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার পুরান পল্লানপাড়ায় গতকাল শুক্রবার রাতে কবির আহমদ (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।নিহতের বড় ভাই বখতিয়ার আহমদ জানান, স্থানীয় ইট, বালু, রড ও সিমেন্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন কিছু ইট-বালি কবির আহমদের বাড়ির আঙিনায় রেখে ব্যবসা চালিয়ে আসছিলেন। এসব ইট ও বালু মজুদ করতে গিয়ে কবিরের বাড়ির ঘরের বেড়া নষ্ট হয়ে যায়। পরে ঘরের বেড়া ঠিক করে দেওয়ার কথা বললে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই সূত্র ধরে গতকাল রাতে কবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেদম পেটানো হয়। একপর্যায়ে কবির পালিয়ে তাঁর ছোট বোন রেজিয়া বেগমের বাড়িতে এসে অজ্ঞান হয়ে মারা যায়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, নিহতের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।