টেকনাফে জোয়ারের পানিতে ১৯ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি ও পূর্ণিমায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের নাফ নদ তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় এক হাজারের বেশি বাড়িঘর এবং আবাদি জমির ফসল ডুবে গেছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা গেছে, টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের ১৯টি গ্রামের প্রায় ৫০০ একর আবাদি জমির পাকা ধান, পানবরজ ও মরিচের খেত ডুবে গেছে। একই সঙ্গে এক হাজারের বেশি ঘরবাড়িতে হাঁটু সমান পানিতে ডুবে রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ পরিবারের লোকজনকে বাঁধের বিভিন্ন স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত দু-তিন দিন পূর্ণিমার জোয়ারে নাফ নদের পানি বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত জালিয়া পাড়ার আমির ও সাইড পাড়ার বাসিন্দা আবদুল নবী বলেন, জোয়ারের পানিতে ঘরে থাকা যাচ্ছে না, তাই পরিবারে সদস্যদের নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছি। পানি নেমে গেলে আবার বাড়ি ফিরে যাব। প্রতি মাসে পূর্ণিমা ও অমাবস্যার সময় ১০-১২ দিন বসতবাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ে। এ বাঁধের আশপাশের লোকজনকে প্রতি মাসে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।টেকনাফ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ইসলাম জানান, ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না হওয়ায় পৌর এলাকাসহ দুটি ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, জোয়ারের পানি ঢুকে পড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়াই স্থানীয় চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৫০০ একর জমির ফসল ভেসে গেছে।