টেকনাফে ট্রলারডুবি, নিখোঁজ ৮২
কক্সবাজারের টেকনাফে সাগরে আজ বুধবার ভোররাতে ট্রলারডুবির ঘটনায় ৮২ জন নিখোঁজ হয়েছে। এসব বাংলাদেশিকে জলপথে মালয়েশিয়া নেওয়া হচ্ছিল বলে উদ্ধার পাওয়া যাত্রীরা জানান। সকাল থেকে নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।সাঁতরে তীরে ফিরে আসা কয়েকজন যাত্রী জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে টেকনাফের মহেশখালীয়াপাড়া সমুদ্র উপকূল থেকে ১০৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। ওই ট্রলারে যাত্রী ধারণক্ষমতা ৪০ জন। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ট্রলারটি সাগরে উল্টে যাওয়ার উপক্রম হয়। এ সময় যাত্রীরা হইচই শুরু করেন। এর পরও ট্রলারটি যেতে থাকে। দিবাগত রাত তিনটার দিকে ট্রলারটি মহেশখালীয়াপাড়া সৈকত থেকে প্রায় এক কিলোমিটার গভীরে সাগরের সাতবাইন এলাকায় গিয়ে উল্টে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতরে তীরে ফিরতে পারলেও প্রায় ৮২ জন নিখোঁজ হয়েছেন। একটি তেলের গ্যালন নিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে ভাসতে ভাসতে উপকূলে ফিরে আসেন ওই ট্রলারের এক যাত্রী আবদুল শুক্কুর (২০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের আলী আহমদের ছেলে। তিনি জানান, ৪০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় চাকরির জন্য যাচ্ছিলেন তিনি। আবদুল শুক্কুর সকালে প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, মালয়েশিয়ায় চাকরি দেওয়ার নাম করে স্থানীয় কচুবনিয়া ও কাটাবুনিয়া গ্রামের দালাল আবুল কাশেম, ইসলাম মিয়া, মো. ফয়েজ, নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর, নীর আহমদ ও আবদুর রহিম মাথাপিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে ১০৫ জন যাত্রীকে ওই ট্রলারে তুলে দেন।আবদুল শুক্কুরের বড় ভাই আবুল কালামের (২৮) দাবি, তিনি সাগরে নেমে ভাইসহ আটজনকে উদ্ধার করেন। আরও তিনটি নৌকায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে নিয়ে যেতে দেখেছেন তিনি।ট্রলারডুবির খবর পেয়ে সকাল সাতটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টেকনাফ সমুদ্রসৈকতে নেমে উদ্ধার তত্পরতা শুরু করেন। সকাল আটটার দিকে নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরাও উদ্ধার তত্পরতা শুরু করেন।টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হোসেন সাগরে ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে ১২৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় এখনো ১২২ জন নিখোঁজ রয়েছে। এরপর টেকনাফ থানায় অর্ধশতাধিক দালালের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।