টেকনাফে ডাকাতদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত
কক্সবাজারের টেকনাফে ডাকাতের গুলিতে আওয়ামী লীগের নেতা মো. আনোয়ারুল ইসলাম ওরফে সিফাত (৩২) নিহত হয়েছেন। তিনি বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় উখিয়া উপজেলার চেপটখালি পাহাড়ি ঢালায় ১০-১২ জনের একটি ডাকাত দল আওয়ামী লীগের নেতা সিফাতকে থামানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যয়ে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ পাঁচটার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।টেকনাফ থানার পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।