টেকনাফে ডাকাতের প্রহারে আহত ৫
গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটায় টেকনাফের জাহাজপুরা গ্রামে এক ডাকাতির ঘটনায় ডাকাতদের প্রহারে আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ সময় ডাকাতেরা নগদ ৭০ হাজার টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।ডাকাতদের প্রহারে আহত হন মো. তৈয়ব (৩০), তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (২০), মা কামরুন নাহার (৫০), ভগ্নিপতি নূরুল আমিন (৩৫) ও বোন মাকসুদা বেগম (৩৩)। এলাকাবাসী জানায়, রাত একটার দিকে ১৫ থেকে ২০ সদস্যের সশস্ত্র ডাকাত দল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের সৌদিপ্রবাসী মো. তৈয়বের ঘরের জানালা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা বাড়ির সব সদস্যের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং বেদম প্রহার করে।এ সময় ডাকাতেরা নগদ ৭০ হাজার টাকাসহ একটি টেলিভিশন, চার ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোনসেট ও কিছু কাপড়চোপড় নিয়ে যায়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। ডাকাতির সময় এলাকাবাসী বাড়ির লোকদের সাহায্যে এগিয়ে আসতে চাইলে ডাকাতেরা সাত-আটটি ফাঁকা গুলি ছোড়ে।আহত ব্যক্তিদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ডাকাতির ঘটনার খবর পেয়ে রাত তিনটার দিকে বাহারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মাশরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাশরুল হক।