টেকনাফে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭
কক্সবাজারের টেকনাফে আজ শনিবার সকালে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনীপাড়া গ্রামে মৃত আলী আহমদের দুই ছেলে মকতুল হোসেন (৫০) ও নুরুল ইসলামের (৭০) মধ্যে পৈতৃক জমিতে চাষাবাদ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা দলবল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলী বলেন, দুই সহোদর মকতুল হোসেন ও নুরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদের একটি সালিসি বৈঠক ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা।টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এনামুল হক প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।