টেকনাফে দুটি খালের জায়গা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার কায়ুকখালিয়া খাল ও হেচ্ছার খালের জমি ভরাট ও দখল করে বসতবাড়ি, হোটেল, মার্কেট ও আবাসন প্রকল্প নির্মাণ করা হচ্ছে। অথচ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দখলদারদের কয়েকজন দাবি করেছেন, তাঁরা খালের জায়গায় নয়, তাঁদের নিজস্ব জায়গায় স্থাপনা নির্মাণ করছেন। দখলদারদের একজন বলেছেন, প্রশাসন থেকে নোটিশ পেলে জায়গা ছেড়ে দেবেন।এ ব্যাপারে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) খোকনকান্তি সাহা প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কিছু কিছু স্থানে খাল দখল করেছেন। খালের উভয় পাশে দখল হওয়া জায়গা পরিমাপের উদ্যোগ নেওয়া হয়েছে। দখলকারীদের প্রথমে নোটিশ দেওয়া হবে। এর পরও তাঁরা দখল না ছাড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’পরিবেশ অধিদপ্তরের টেকনাফের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন, প্রাচীর নির্মাণ করে, আবর্জনা ফেলে খাল ভরাট করা হচ্ছে। এতে খালে পানিপ্রবাহপথ কমে যাচ্ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশ পাওয়া গেলে পরিবেশ আইনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ইসলামাবাদ, অলিয়াবাদ, সাইটংখিল, কায়ুকখালিয়াপাড়া, চৌধুরীপাড়া ও নাইট্যংপাড়া এলাকায় খালের বিভিন্ন অংশে প্রভাবশালীরা অবৈধভাবে ভরাট ও দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। দখলের পাশাপাশি আবর্জনা ফেলে খাল ভরাট করা হচ্ছে। পৌর এলাকার এই দুটি খালের কিছু অংশ ভরাট হয়ে যাওয়ায় পাহাড়ি ঢলের পানি বের হতে সমস্যা হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে পড়ছে পৌরসভার কয়েকটি গ্রাম। ইসলামাবাদ এলাকায় কায়ুকখালিয়া খালের অংশবিশেষ দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন স্থানীয়ভাবে প্রভাবশালী মোক্তার আহমদ। অলিয়াবাদ এলাকায় সেতু ও খালের কিছু অংশ ভরাট ও দখল করে আলী আহমদ ও হাজি মোহাম্মদ ইউনুছ নামের স্থানীয় দুই ব্যক্তি সীমানাপ্রাচীর, মার্কেট ও বসতবাড়ি তৈরি করেছেন। কায়ুকখালিয়াপাড়ায় মো. ইউনুচ হাজির হোটেলের কিছু অংশ খালের জায়গার মধ্যে পড়েছে।অপরদিকে নাইট্যংপাড়ার হেচ্ছার খালটি ওই এলাকায় পাহাড়ি ঢলের পানি নামার একমাত্র পথ। এটির অর্ধেক অংশ পাহাড়ি ঢলে ভেসে আসা পলিতে ভরাট হয়ে গেছে। তা ছাড়া স্থানীয় এক ব্যক্তি খালের কিছু অংশ দখল করে শুঁটকির মহাল তৈরি করেছেন। কয়েকজন ব্যক্তি শ্মশানসংলগ্ন এলাকায় জায়গা কিনে বাড়ি বানানোর সময় খালের কিছু অংশ দখল করে নিয়েছেন।দখলদারদের বক্তব্য: খালের জমি দখলের বিষয়ে জানতে চাইলে মোক্তার আহমদ বলেন, ‘নিজের মালিকানাধীন জমিতে পিলার ওঠানো হলে দোষ কিসের।’ সেখানে আবাসন প্রকল্প করার জন্য সীমানাপ্রাচীর ওঠানো হচ্ছে বলে তিনি জানান। খালের কিছু অংশ নিজেদের দখলে রয়েছে স্বীকার করে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক জানান, প্রশাসনের কাছ থেকে নোটিশ পেলে দখল ছেড়ে দেবেন। দখলের বিষয়ে আলী আহমদ বলেন, ‘আমাদের জায়গার কিছু অংশ ভেঙে খালের মধ্যে চলে গেছে। ভূমি অফিসের সার্ভেয়ার এসে ভূমি পরিমাপ করে দেওয়ার পরই ভরাট করে স্থাপনা তৈরি করেছি।’ দখলের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, নিজেদের কেনা জায়গাতেই তাঁরা ঘর তুলেছেন। মো. ইউনুচ হাজিও একই রকম কথা বলেন।অভিযোগ আছে, প্রভাবশালী একজন সাবেক চেয়ারম্যানের সন্তানেরা কায়ুকখালিয়া খালের অংশবিশেষ দখল করে সেখানে দোকান, মাছের আড়ত তৈরি করেছেন। এতে খালে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অবশ্য তাঁরা দাবি করেছেন, দখল নয়; বরং পৈতৃক সম্পত্তিতেই তাঁরা স্থাপনা নির্মাণ করেছেন।এলাকাবাসীর উদ্বেগ: পৌর এলাকার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী, চৌধুরীপাড়ার আবুল কালাম ও ফিরোজ আহমেদ উদ্বেগ প্রকাশ করে জানান, খালগুলো দখলমুক্ত না করায় পানির প্রবাহপথ সংকীর্ণ হয়ে পড়ছে। এতে অধিকাংশ গ্রাম উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে। পৌর কর্তৃপক্ষের উচিত, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল প্রশস্ত করা এবং খালগুলো খননের ব্যবস্থা করা। না হলে খালগুলো মরে যাবে। আগে এসব খালে জোয়ার-ভাটায় মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌকা চলাচল করতে পারলেও বর্তমানে তা বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ী মো. রফিক ও ফরিদুল আলম জানান, এই কায়ুকখালিয়া খাল ব্যবহার করে বিভিন্ন জেলা সদরে মাছ সরবরাহ করা হয়। খাল ভরাট হতে থাকায় ভাটার সময় এখন খালে পানি থাকে না। এতে মাছবোঝাই নৌকাগুলোকে ঘণ্টার পর ঘণ্টা মাছ খালাসের অপেক্ষায় থাকতে হয়। এতে পচন ধরে মাছ নষ্ট হয়।প্রশাসন যা বলছে: দখল বিষয়ে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) খোকনকান্তি সাহা বলেন, ইসলামাবাদ এলাকায় মোক্তার আহমদ খালের জায়গার কিছু অংশ দখল করেছেন। অলিয়াবাদ এলাকায় আলী আহমদ ও হাজি মোহাম্মদ ইউনুছের মার্কেট ও বসতবাড়ির মধ্যেও খালের জমি রয়েছে। কায়ুকখালিয়া গ্রামে মো. ইউনুচ হাজির হোটেলের দুই থেকে তিন ফুট খালের জায়গার মধ্যে পড়েছে। টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ প্রথম আলোকে বলেন, ক্ষমতার পালাবদলের কারণে পৌরসভার বেশির ভাগ খাল অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। রাজনৈতিক কারণে উচ্ছেদ চালানো সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসন এগিয়ে এলে অবৈধ দখলদারের উচ্ছেদ করা সম্ভব হবে।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, চলতি বছর টেকনাফে পাহাড় ধস ও ভারী বর্ষণের ফলে পৌরসভার অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। অবৈধ দখলদার উচ্ছেদ এবং খনন না করায় ওই দুটি খালে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। খালের দুই পাশের তীরভূমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভূমি ও পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।