টেকনাফে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় হোয়াকং ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। আজ সোমবারের এ ঘটনায় আহতদের মধ্যে কায়সার পারভেজ (২৫) ও নূরজাহান বেগমের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন জাহেদ হোসেন ও পরাজিত হন খায়রুল আমিন। আজ সকাল সাড়ে নয়টার দিকে জাহেদ হোসেনের কয়েকজন সমর্থক হোয়াকং ইউনিয়ন পরিষদের খারেংখালী বাজারে এলে খায়রুল আমিনের সমর্থকেরা লোহার রড, লাঠি ও দা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময়ে মো. আবদুল্লাহ (২৮), মমতাজ মিয়া (৪০), নূর হোসেন (৩৫), মো. হাসেম (২৭), আফসার উদ্দিন (২৮), নুরুল আমিন (৩২), আবদুল খালেক (৩০), নূর হোসেন (২৮), কায়সার, নূরজাহানসহ কমপক্ষে ১৭ জন আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।টেকনাফ পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জিত কুমার বড়ুয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে তাঁর নেতৃত্বে ২০-২৫ জনের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।