টেকনাফে নৌকাডুবি, একজনের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের সাবরাং উপকূলে গতকাল শনিবার দিবাগত রাতে ৪২ জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে গেছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠে আসেন। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এক শিশু ও এক নারী এখনো নিখোঁজ।সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, স্থানীয় কিছু দালাল মালয়েশিয়া পাঠানোর নাম করে ৫০ জনের বেশি লোককে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেয়। নৌকাটি ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী বোঝাই হওয়ায় গতকাল রাত তিনটার দিকে সাবরাং নয়াপাড়া সমুদ্র চ্যানেলে গিয়ে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। পরে স্থানীয় জেলেরা ২০ থেকে ২৫ জন যাত্রীকে উদ্ধার করেন। এ ছাড়া, আরও ১০-১২ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। আজ দুপুর একটার দিকে খুরেরমুখ সৈকত এলাকা থেকে আবুল কালাম (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আবুল কালাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রুং এলাকার কবির আহমদের ছেলে। তাঁর শ্বশুর নূরুল হক লাশ শনাক্ত করেন।স্থানীয় সূত্রমতে, আবুল কালাম ছাড়া নিখোঁজ বাকি দুজন রোহিঙ্গা। সাঁতরে কূলে আসা মো. ইসমাইল (২৪) ও আলী হোসেন (২২) প্রথম আলো ডটকমকে বলেন, শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার দালাল জায়েদ উল্লাহ, ফিরোজ, হেলাল, মো. শফিক, নূর হাকিম মাঝি, শরিফ, আবদুল হামিদ ও মো. হোসেন মালয়েশিয়ায় পাঠানোর জন্য তাঁদের কাছ থেকে অগ্রিম মাথাপিছু ২০ হাজার টাকা নিয়েছেন। থাইল্যান্ড পৌঁছানোর পর তাদের আরও এক লাখ ৮০ হাজার টাকা করে দেওয়া কথা ছিল।ফিরে আসা দুজন আরও বলেন, মালয়েশিয়ায় নিয়ে যেতে গভীর সমুদ্রে বড় একটি জাহাজ অপেক্ষা করছে বলে তাঁদের জানায় দালালেরা। গতকাল রাত দুইটার দিকে ৪২ জন যাত্রীকে কাটাবনিয়া নিয়ে যায় দালালেরা। পরে স্থানীয় বাসিন্দা আবদুস সালামের মালিকানাধীন একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়। রাত তিনটার দিকে নয়াপাড়া সমুদ্র চ্যানেলে পৌঁছানোর পর নৌকাটি দুলতে শুরু করে। এ সময় যাত্রীরা কান্নাকাটি শুরু করলে মাঝি নৌকাটি কূলে ভেড়ানোর চেষ্টা করেন। তবে এর আগেই ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় তাঁরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। যাত্রীদের বেশির ভাগই রোহিঙ্গা। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় আবুল কালাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এক নারী ও এক শিশু এখনো নিখোঁজ।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।