টেকনাফে নয় হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ
কক্সবাজারের টেকনাফে নয় হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে তেল খালাসের সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে লরিটি জব্দ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে টেকনাফ ফেরার পথে উপজেলার দমদমিয়া কেয়ারি-সিন্দাবাদ ঘাটে লরি থেকে তেল খালাসের দৃশ্যটি দেখতে পাই। সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারে তেল পাচার হওয়ায় সন্ধ্যার পর থেকে তেল পরিবহন নিষিদ্ধ রয়েছে। তাই লরিটিকে চ্যালেঞ্জ করা হলে সংশ্লিষ্টরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’ কেয়ারি-সিন্দাবাদের টেকনাফ ইনচার্জ শাহ আলম জানান, তাঁরা বৈধভাবে এসব ডিজেল এনে নিজেদের ডিপোতে জমা রাখেন। প্রয়োজন অনুযায়ী তা জাহাজে ব্যবহার করেন। এ ব্যাপারে তাঁদের বৈধ কাগজপত্র রয়েছে। এ প্রসঙ্গে টেকনাফ জ্বালানি পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক দিদার হোসেন বলেন, ‘উপজেলায় ১৭টি বৈধ তেল পরিবেশক প্রতিষ্ঠান নিয়মিত চাহিদা পূরণ করে আসছে। কোনো কাগজপত্র ছাড়াই এই লরিটি টেকনাফ-কক্সবাজার সড়কের তিনটি বিজিবির চেকপোস্ট অতিক্রম করে কীভাবে টেকনাফ এসেছে, সেটা এখন দেখার বিষয়।’৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলো অনলাইনকে জানান, তেলভর্তি লরিটি জব্দ করা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।