টেকনাফে পরাজিত প্রার্থীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল প্রকাশের পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক অবরোধ করে। এ সময় গাড়ি ভাঙচুর ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ১১ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় বাদী হয়ে এক হাজার ২২৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। টেকনাফ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে জানান, গতকাল রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে পরাজিত সুলতান আহমদের সমর্থকেরা টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে অবরোধ করে। এ সময় পুলিশের বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের ব্যবহূত জিপ, মাইক্রোবাস ও পুলিশ ভ্যানগাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে উত্তেজিত সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে সাত-আটটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। থেমে থেমে এ সংঘর্ষ তিন ঘণ্টা ধরে চলে। টেকনাফ হাসপাতালের চিকিত্সক আয়াত উল্লাহ বলেন, আহতদের প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।টেকনাফ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) রণজিত কুমার বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুলতান আহমদসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।