টেকনাফে পর্যটক ও জাহাজের শ্রমিকদের সংঘর্ষ, আহত ২০
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন যাত্রাপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ সময়মতো না ছাড়া ও এতে অতিরিক্ত যাত্রী বহন করা নিয়ে পর্যটক ও জাহাজের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবারের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।এ ঘটনায় জাহাজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং চালক (মাস্টার) আজহার উদ্দিনকে এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসন সূত্র ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা ঈগল-১-এর অগ্রিম টিকিট নিয়ে সকালে টেকনাফের দমদমিয়া পর্যটক ঘাটে জড়ো হন। সকাল ১০টায় জাহাজটির সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ৩৫০ জন যাত্রী বহনের ক্ষমতা থাকলেও জাহাজে এক হাজারের বেশি যাত্রী ওঠানো হয়। এতে যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে জাহাজ কর্তৃপক্ষ জাহাজ থেকে কিছু যাত্রীকে নেমে যেতে বলায় তাঁরা খেপে যান। একপর্যায়ে জাহাজের চালক আজহার উদ্দিনকে তাঁরা গালিগালাজ করলে জাহাজের অন্য কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পর্যটকেরা ঈগল-১-এর টিকিট কাউন্টার পুড়িয়ে দেন। সংঘর্ষে চালক আজহারসহ ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের বেশির ভাগই পর্যটক। আহত ব্যক্তিদের মধ্যে জাহাজচালক ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা পাপন মিয়া, ঢাকার মগবাজারের রুবেল ও ফকিরাপুলের হাসানুজ্জামান, গাজীপুরের আবদুল্লাহ আল নোমান, ফরহাদ আজিম এবং স্থানীয় হোটেল কর্মচারী মোহাম্মদ ইউছুপ রয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রশাসন সূত্র জানিয়েছে, সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত হলে জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপে যায়। বিকেলে জাহাজটি সেন্ট মার্টিন থেকে ফিরে এলে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসান। তিনি ওই জাহাজে এক হাজার ২০ জন যাত্রী বহনের প্রমাণ পান, যা ধারণক্ষমতার চার গুণ। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে তিনি জাহাজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং চালক আজহার উদ্দিনকে এক সপ্তাহের কারাদণ্ডাদেশ দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বেড়াতে আসা পর্যটক পাপন মিয়া বলেন, ‘প্রবাল দ্বীপে ঘুরতে এসে প্রবল মার খেয়েছি। আমাদের টিকিটের টাকাও ফেরত পাইনি।’ ইউএনও আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অতিরিক্ত টিকিট বিক্রির কারণে এ ঘটনা ঘটেছে। ঈগল-১-এর ব্যবস্থাপক শাহীনুর রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ থেকে অগ্রিম টিকিট বেশি বিক্রি করায় অতিরিক্ত যাত্রী হয়েছে। কিন্তু পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে কিছু যাত্রীকে জাহাজ থেকে নামিয়ে দিলে তারা ক্ষিপ্ত হয়ে চালকের ওপর হামলা চালায়। যেসব যাত্রীকে নেওয়া হয়নি, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।কোস্টগার্ড টেকনাফ স্টেশনে কর্মকর্তা লে. এমডি বদরুদ্দোজা জানান, জাহাজটির ধারণক্ষমতা ৩৫২ জন হলেও জাহাজে এক হাজার ২০ জনকে ওঠানো হয়েছিল। টেকনাফ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নীলু বড়ুয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।