টেকনাফে পাহাড়ি ঢলে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মোহাম্মদ এরহান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।এরহান উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রক্ষ্যইম এলাকার আসরাফ জাম্মানের ছেলে।জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে যেকোনো সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। তাই পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে।আরও জানা গেছে, টেকনাফের পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় এক হাজার পরিবারের প্রায় ১০ হাজার লোক পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ও টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল্লাহ মনির বলেন, মধ্যরাত থেকে যেভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এতে করে পাহাড় ধসের ঘটনাও ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট পাহাড়ি এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের লাশটি উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।