টেকনাফে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মালেক (৩০) নামের একজন নিহত হয়েছেন। উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাহাড়ে আজ রোববার ভোররাত তিনটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।পুলিশের দাবি, নিহত মালেক টেকনাফের বাঘঘোনা গ্রামের বাসিন্দা। তিনি ডাকাত সর্দার। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলা আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলো ডটকমকে বলেন, ডাকাত সর্দার মালেকের নেতৃত্বে সমুদ্র উপকূলের ঘরবাড়িতে ব্যাপক লুটপাট চলছিল। ১২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শফিক ও নুর মোহাম্মদ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এই দুজনের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার রাতে মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকার একটি বাড়ি থেকে অস্ত্রসহ ডাকাত জমিরকে আটক করা হয়। আজ ভোররাতে জমিরকে নিয়ে পুলিশ টেকনাফের বাঘঘোনা নোয়াখালী পাহাড়ে ডাকাত মালেকের আস্তানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১৫ জনের ডাকাত দলটি তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। বাবুল আকতার আরও জানান, ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে মালেক নিহত হন। ডাকাতদের গুলিতে উপপরিদর্শক (এসআই) আবদুল মোনাফ, কনস্টেবল নাজমুল ও মনসুর আহত হন। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনটি লম্বা বন্দুক, ১২টি মুঠোফোন ও ২০ হাজার ৮০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, অস্ত্র, পুলিশের ওপর হামলা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক তিনটি মামলা করা হয়েছে।