টেকনাফে বৃষ্টিতে ভেসে গেছে প্রায় ৫০ লাখ টাকার লবণ
কক্সবাজারের টেকনাফে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে উপজেলা বিভিন্ন স্থানে প্রায় অর্ধকোটি টাকার লবণ ভেসে গেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় লবণ চাষিরা। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ থেকে ৫০ লাখ টাকা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি কার্যালয়।টেকনাফে আজ বুধবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বৃষ্টিপাত হয়। এতে মাঠে পড়ে থাকা বিপুল পরিমাণ লবণ পানিতে ভেসে গেছে। চলতি মৌসুমে উপজেলায় লবণের ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় মাঠে লবণ পড়েছিল। লবণ ভেসে যাওয়ায় স্থানীয় লবণ-চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁরা জানিয়েছেন, মাঠে নতুন করে চাষাবাদ শুরু করতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পরে।কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় চার হাজার একর জমিতে লবণের চাষ করা হয়। গত বছর লবণের তেমন দাম না পাওয়ায় এবার প্রায় এক হাজার একর কম জমিতে লবণের চাষ হয়েছে।লবণ-চাষিরা জানিয়েছেন, তাঁরা গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে আগে-ভাগে চাষ শুরু করেন। প্রথম দিকে প্রতি মণ লবণের দাম ৬০-৬৫ টাকা ছিল। গত দুই-তিন সপ্তাহে মাঠে প্রতি মণ লবণের দাম ৮০-৯০ টাকা পর্যন্ত উঠেছিল। কিন্তু বৃষ্টির পানিতে হাজার হাজার মণ লবণ ভেসে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, এতে পুরো উপজেলার লবণ-চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে ভেসে যাওয়া লবণের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ থেকে ৫০ লাখ টাকার মতো।