টেকনাফে শিশু হত্যা, বাবাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গলা টিপে তিন মাসের এক শিশুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির নাম জাগির হোছন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শিশুটির দাদি, বাবা ও সত্মাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, শিশুটির দাদি জগুন বাহার (৭০), বাবা কালু মিয়া (৩৬) ও সত্মা মোস্তফা বেগম (২০)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে জানান, টেকনাফ সদর ইউনিয়নের কেতির বিল এলাকায় তিন মাসের ওই শিশুটিকে আজ ভোর পাঁচটার দিকে গলা টিপে হত্যা করা হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার করেন। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে কক্সবাজারের মর্গে পাঠানো হয়েছে।ওসি মাহবুবুল আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুটির মা রাশেদা বেগম বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। নিহত শিশুর মা রাশেদা বেগম বলেন, ‘আমি এ হত্যাকারীদের ফাঁসি দাবি করছি। এ অবুঝ শিশুটি তাদের কী ক্ষতি করেছে, যার জন্য তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের এমন শাস্তি দরকার যাতে পৃথিবীতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ না করে।’