টেকনাফে ১১০০ ইয়াবা বড়িসহ পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে এক হাজার ১০০টি ইয়াবা বড়িসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস। আটককৃত ইয়াবা পাচারকারীকে টেকনাফ থানার পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে।বিডিআর সূত্র জানায়, শুক্রবার রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের টেকনাফ পুরাতন বাস স্টেশন এলাকায় এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হয় নায়েক সুবেদার আবুল হোসেনের নেতৃত্বে টহলরত ৪২ রাইফেলস ব্যাটালিয়নের একটি দলের। বিডিআরের টহল দলটি সন্দেহভাজন ব্যক্তিটিকে অনুসরণ করে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে ওঠে। বিডিআর দলটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ট্যাবলেটের বাক্সে ছয়টি ছোট পলিথিন প্যাকেটে লুকিয়ে রাখা এক হাজার ১০০টি ইয়াবা বড়িসহ পাচারকারী তোফাজ্জল হোসেনকে (২৯) আটক করে। তোফাজ্জল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার চেযুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াবা পাচারকারীকে থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে জানান, এ ঘটনায় বিডিআর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আটককৃত তোফাজ্জলকে আজ শনিবার সকালে কক্সবাজারে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে ।